কলকাতা: আজও সকাল থেকেই আকাশের মুখ ভার। সকাল থেকেই কম বেশি বৃষ্টি হচ্ছে জেলায় জেলায়। তবে আলিপুর আবহাওয়া দফতর, হলুদ সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গে। আজ ভারী বর্ষণের আশঙ্কা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। তবে আজ বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে। হাওয়া অফিস আরও জানিয়েছে, প্রতিঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করে হচ্ছে। অপরদিকে, ভারী বর্ষণের আশঙ্কা থাকছে উত্তরবঙ্গেও।
আবহাওয়া দফতর জানিয়েছে, গড় সমুদ্রপৃষ্ঠে মৌসুমি অক্ষরেখা জম্মু, বেরেলি, বস্তি, ডালটনগঞ্জ, উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের উপর সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের কেন্দ্র অতিক্রম করে, সেখান থেকে পূর্ব-দক্ষিণ পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর ও পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের উপর এবং অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের সঙ্গে যুক্ত রয়েছে। ঘূর্ণাবর্ত থেকে উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও মহারাষ্ট্রকে অতিক্রম করে, পূর্বমধ্য আরব সাগর পর্যন্ত গড় সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিমি থেকে ৭.৬ কিমি উচ্চতার মধ্য়ে নিম্নচাপ অক্ষরেখাটি বিস্তৃত রয়েছে।