বরানগর : ‘মিলে-মিশে উন্নয়ন করব। উন্নয়ন সবার, দল যার যার।’ সাংসদ-কাউন্সিলরদের সঙ্গে বৈঠকের পর মন্তব্য করলেন বরানগরের বিজেপি বিধায়ক সজল ঘোষ। বৈঠকে যোগ দেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও।
বৈঠক শেষে সজল বলেন, “উন্নয়নটা সবার। পার্টি যার যার। ওখানে কোনও কম্প্রোমাইজ নেই। মিলে-মিশে উন্নয়ন করব। মিলে-মিশে পার্টি থোড়ি করব। বরানগরের পাহাড়-প্রমাণ সমস্যা। জল নেই, রাস্তা নেই, কন্ট্রাক্টর পালিয়ে গেছেন। নতুন সরকার। স্বাভাবিকভাবে প্রচুর নয়ছয়ের কারণে তারা কিছু কিছু জায়গায় এমবার্গো দিয়েছে পেমেন্টের ক্ষেত্রে। অনেক সমস্যা আছে।”
সাংসদ সৌগত রায় বলেন, “ডেভেলপমেন্ট নিয়ে কোথায় কোথায় আটকাচ্ছে, কী কী সমস্যা হচ্ছে…নির্দিষ্টভাবে উনি জোর দিচ্ছেন… বর্ষা আসছে তার আগে জল জমার সমস্য়াটা আর্জেন্টলি…করতে হবে। আর অনেক ক’টা জায়গায় রাস্তার কাজ শুরু হয়ে হাফ-ডান হয়ে পড়ে আছে। সেটা মেটাতে হবে। কাজ মানুষের…এটা কোয়েশ্চন অফ রাইজিং অ্যাসপিরেশন। লোকের প্রত্যাশা বাড়ছে। লোক অসুবিধা হলে অভিযোগ করেন।” সাংবাদিকদের তরফে তাঁকে প্রশ্ন করা হয়, নতুন বিধায়ক কেমন কাজ করছেন ? কী মনে হল ? প্রথম বৈঠকে তো আপনি ছিলেন…। উত্তরে তৃণমূল সাংসদ বলেন, “এই মিটিংটা ভালই করেছেন।”