Last Updated:
ED Raid: ফার্ন রোডে ফের ইডি অভিযান, শান্তনু সিনহা বিশ্বাসের বোনের ফ্ল্যাটে তল্লাশি চালাল আধিকারিকেরা।
কলকাতা: জমি রিয়েল এস্টেট দুর্নীতিতে সোনা পাপ্পু এবং প্রোমোটার জয় এস কামদারের সঙ্গে জড়িত থাকার কারণে গ্রেফতার করা হয়েছে শান্তনু সিনহা বিশ্বাসকে। শুক্রবার সকাল থেকে ফের ইডি হানা শুরু হয়েছে শান্তনুর বিভিন্ন আত্মীয়ের বাড়িতে। ফার্ন রোডে শান্তনু বাড়ির উপরে ফ্ল্যাটে এদিন এক আত্মীয় বাড়িতে তল্লাশি চালান ইডি আধিকারিকেরা।
কসবা থানা এলাকায় এসআইয়ের বাড়িতে অভিযানে এসেছে ইডি। ইডির তরফে থানায় মেল করে শুক্রবারের তল্লাশি নিয়ে জানানো হয়। থানার তরফে দুজন পুলিশ কর্মী এসেছেন ঘটনাস্থলে। ফার্ণ রোডে শান্তনু সিনহা বিশ্বাসের বোনের বাড়িতে অভিযান চলছে। প্রসঙ্গত, গত মাসে এই অ্যাপার্টমেন্টে শান্তনুর ফ্ল্যাটে অভিযান করেছিল ইডি। শুক্রবার শান্তনুর ফ্ল্যাটের উপরে তাঁর বোনের ফ্ল্যাটে অভিযান চলে।
ইডি সূত্রে দাবি, শান্তনু সিনহা বিশ্বাসের ভাগ্নের মাধ্যমে জমি কেলেঙ্কারির টাকা সরানোর কাজ করতেন শান্তনু । সেই সমস্ত টাকার সন্ধানে নেমেছে ইডি। এদিন শান্তনুর কান্দির বাড়িতেও পৌঁছে যায় কেন্দ্রীয় সংস্থা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী। দরজা বন্ধ থাকায় প্রথমে ঢুকতে পারেনি ইডি। পরে তালা ভেঙে ভিতরে ঢোকেন আধিকারিকরা। সোনা পাপ্পু মামলায় ইতিমধ্যেই শান্তনু সিনহা বিশ্বাসকে গ্রেফতার করেছে ইডি।
লালবাজারে একাংশের দাবি, শান্তনু পুলিশ বিভাগের নাম ডুবিয়েছেন। ইডির অভিযোগ, একাধিক দুর্নীতি এবং ষড়যন্ত্রে সামিল থেকে কোটি কোটি টাকা হাতিয়েছেন তিনি। বেআইনি টাকায় সম্পত্তি করেছেন। তাই পদ থেকে সরানো হয়েছে তাঁকে।
অমিত সরকার
Kolkata,West Bengal
May 22, 2026 11:26 AM IST
