Last Updated:
Sreelekha Mitra: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি ঘিরে বেকায়দায় অভিনেত্রী। একাধিক অভিযোগ শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে। শ্রীলেখার পাল্টা অভিযোগ, তাঁকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে।
কলকাতা: রবিবার কলকাতার আনন্দপুর থানায় শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়, গত ২৪ জুলাই শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলে তিনি ভারতের প্রধানমন্ত্রীর আপত্তিকর, মানহানিকর ও অবমাননাকর ‘ক্যারিকেচার’ অর্থাৎ বিকৃত ও কুরুচিকর ছবি প্রদর্শন করেন। অভিযোগের ভিত্তিতে ২৬ জুলাই আনন্দপুর থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২, ৩৫৩(২) ও ৩৫৬(৩) ধারায় ইচ্ছাকৃত অপমান ও মানহানির মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি বারুইপুরেও অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বিজেপি কর্মীরা৷ অন্যদিকে নদিয়ার শান্তিপুরেও শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিজেপি৷
কী অভিযোগ শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে?
মূলত যে যে অভিযোগের ভিত্তিতে অভিনেত্রীর বিরুদ্ধে FIR হয়েছে সেগুলি একনজরে দেখে নেওয়া যাক। প্রসঙ্গত, গত শনিবার শুক্রবার প্রশ্নফাঁসের বিরুদ্ধে ধর্মতলায় বিক্ষোভে সামিল হয়েছিলেন অনেকেই। সেখানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। অভিযোগ নিট প্রশ্নফাঁসকাণ্ডে আন্দোলনে সামিল হতে গিয়ে প্রধানমন্ত্রীকে অসম্মান করেন অভিনেত্রী। এই মর্মে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেছেন, বিজেপি নেত্রী কেয়া ঘোষ। বিধাননগর সাইবার ক্রাইম থানাতেও অভিযোগ দায়ের করা হয়েছে।
কী বলছেন অভিনেত্রী?
শ্রীলেখা জানান পুরোটাই একটা চক্রান্ত। তাঁকে যদি অ্যারেস্ট করতে হয় তাহলে অ্যারেস্ট করুক। কিন্তু তিনি শেষ পর্যন্ত লড়বেন। পার্টি যদি তাঁর পাশে নাও থাকে তাও তিনি লড়বেন। বিজেপি মানে ইন্ডিয়া অথবা ইন্ডিয়া মানে বিজেপি নয়। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ নিয়ে আইনজীবীর সঙ্গে পরামর্শ করেছেন বলেও জানান শ্রীলেখা।
Kolkata,West Bengal
