Last Updated:
BJP Health Minister on RG Kar Case: রাজ্যের নয়া স্বাস্থ্য মন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায়। দফতরের দায়িত্ব গ্রহণের পর অভয়া কাণ্ড নিয়ে বিস্ফোরক দাবি মন্ত্রীর, শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি।
কলকাতা: স্বাস্থ্য দফতরের দায়িত্ব হাতে পেয়েই আরজি কর-কাণ্ড নিয়ে বিস্ফোরক নয়া মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি। বুধবার মন্ত্রীদের দফতর বন্টণের বিজ্ঞপ্তি জারি হয়, তারপর তাঁরা নিজেদের দফতরের দায়িত্ব বুঝে নেন। কাজের প্রথমদিনেই আরজি কর কাণ্ড নিয়ে সরব হয়েছেন মন্ত্রী। পরিকল্পনামাফিক খুনের দাবি জানিয়ে বলেন, “শেষ পর্যন্ত দেখে ছাড়ব। আজকেই কিছু ফাইল নিয়ে বসেছিলাম। একাধিক প্রশ্ন রয়েছে, যার কোনও উত্তর নেই। পুরোটাই পরিকল্পনা মাফিক। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার অভয়া। সমস্ত দিক যেদিকে নিয়ে যাচ্ছে, সেটা কালীঘাটের দিকেই। কেউ ছাড় পাবেন না।”
স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে একাধিক পরিকল্পনা রয়েছে নতুন সরকারের। নিম্নবর্গের মানুষ যাতে যথাযথ চিকিৎসা পান, তা নিয়েও ভাবছে প্রশাসন। প্রয়োজনে বেসরকারি জায়গাতেও যাতে চিকিৎসা করাতে পারে সাধারণ মানুষ সেই দিকেও ভাবনা রয়েছে। মন্ত্রী বলেন, “সমস্ত বেসরকারি হাসপাতালে ১৫ শতাংশ গরিব মানুষের চিকিৎসার ব্যবস্থা রাখতে হবে। আগামিকাল সকালেই সমস্ত বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে ডেকেছি বৈঠকে।”
দালাল চক্র নিয়েও ভূরি ভূরি অভিযোগ রয়েছে সাধারণের। সরকারি হাসপাতাল যেন ঘুঘুর বাসা, সেই বাসা ভাঙতে কোনও রেয়াত করবে না বিজেপি সরকার। ওষুধ থেকে অ্যাম্বুল্যান্স কোনও কালোবাজারি চালানো যাবে না, এমনই সূত্রের খবর। মন্ত্রী বলেন, “দালালচক্র বন্ধ হবে। আমরা কথা বলছি উইপ্রোর সঙ্গে, অ্যাপের মাধ্যমে অ্যাম্বুল্যান্স বুক হবে। নির্দিষ্ট ভাড়া থাকবে সরকারের ঠিক করা, সেই টাকাই নিতে হবে।”
স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ নিয়ে মানুষের মধ্যে আগ্রহের সীমা নেই। কারা পাবেন এই প্রকল্পের সুবিধা, কারা পাবেন না, তা নিয়ে এখনও স্পষ্ট ধারণা নেই। এমনকি ‘স্বাস্থ্যসাথী’র সুবিধা আদৌ আর কোনও সরকারি বা বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে কি না, তা নিয়েও মানুষের জিজ্ঞাসার শেষ নেই। এদিন মন্ত্রী সাফ জানান, “একটাই স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত। স্বাস্থ্যসাথী কী জিনিস জানি না।”
Kolkata,West Bengal
