Last Updated:
North 24 Parganas News: নিজের বাড়ির বাগানেই আলো নিভিয়ে একী করছেন পৌর প্রধান? ধোয়া দেখে ছুটে এলেন আশপাশের মানুষ। পরমুহূর্তেই যা জানা গেল। উঠল ভয়ঙ্কর অভিযোগ।
উত্তর ২৪ পরগনা: রাতের অন্ধকারে আলো নিভিয়ে নিজের বাড়ির বাগানে পৌরসভার গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলার অভিযোগে এবার পুলিশের হাতে গ্রেফতার অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌর প্রধান প্রবোধ সরকার। রাতের অন্ধকারে অরূপ প্রধানের বাড়িতে বাগানে আগুন ও ধোঁয়া জ্বলতে দেখে স্থানীয় মানুষজনের সন্দেহ হয়। এরপর স্থানীয় মানুষজন-সহ বিজেপি নেতৃত্ব খবর পেয়ে ঘটনাস্থলে আসেন।
তাঁরা দীর্ঘক্ষণ ডাকাডাকি করলেও প্রথমে ঘর থেকে বের হননি পৌরপ্রধান। এরপরই খবর দেওয়া হয় অশোকনগর থানার পুলিশকে। পুলিশ এসে অবশেষে পাঁচিল টপকে বাড়ির ভেতরে ঢোকে। পরে বাইরে এসে পৌর প্রধান দাবি করেন, কেবল শুকনো পাতা পোড়াচ্ছিলেন। বিজেপি নেতৃত্বের অভিযোগ, পাতা নয়, বরং বাগানে দিস্তা দিস্তা পৌরসভা ও বিভিন্ন সরকারি নথি-সহ পরিচয় পত্র পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছিল।
পুলিশ এই ঘটনায় পৌরপ্রধানকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। জানা গিয়েছে অসম্ভর কল্যাণগড় পৌরসভার নথি-সহ বেশ কিছু পরিচয় পত্র ওই আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছিল। স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ করেছে ঘটনার সঠিক তদন্ত করা হোক। অতীতেই অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌর প্রধানের বিরুদ্ধে আবাস যোজনা-সহ একাধিক অভিযোগ উঠেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে দুর্নীতির প্রমাণ লোপাটের জন্যই এই ঘটনা বলে মনে করা হচ্ছে।
গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বিজেপি নেতৃত্ব অভিযোগ জানিয়েছেন, দীর্ঘ কয়েক বছর ধরে পৌরসভার পৌর প্রধানের চেয়ারে বসে নানা অনৈতিক কাজে লিপ্ত ছিলেন তিনি। পাশাপাশি আবাস যোজনা-সহ কোটি কোটি টাকার দুর্নীতির সঙ্গেও তার যোগ সাজস রয়েছে। আর সেই কারণেই প্রমাণ লোপাটের জন্য রাতের অন্ধকারে সরকারি নথি পুড়িয়ে ফেলা হচ্ছিল। ঘটনার তদন্ত করে শাস্তি হোক দুর্নীতিগ্রস্ত পৌর প্রধানের চাইছেন তারা।
Jun 13, 2026 11:52 AM IST
