রাজস্থান থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ উপকূল ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপরে।
বাংলা জুড়েই এখন বর্ষা। শুধুমাত্র পুরুলিয়ার কিছু অংশ বাদে উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রয়েছে। মৌসুমী অক্ষরেখা পুরুলিয়ার উপর দিয়ে ধানবাদ হয়ে গিয়েছে। বাংলা ছাড়াও বিহারের আরও বেশি অংশে এবং ঝাড়খণ্ড ওড়িশার কিছু অংশে ঢুকেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে রয়েছে দুর্বল মৌসুমী বায়ু।
উত্তরবঙ্গের আবহাওয়া:
বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং থেকে মালদহ সব জেলাতেই। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে সর্বত্র। ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার কিছু অংশে আগামী সাতদিন। অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে মঙ্গল ও বুধবার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। আজ, শনিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই উপরের দিকের পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হবে দার্জিলিং থেকে মালদহ সব জেলাতে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া:
দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তিকর আবহাওয়া চলবে। এর মাঝেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। দু-এক জায়গায় কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। বর্ষার বৃষ্টি শুরু হলেও ভারী বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। আজ, শনিবার বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলাতে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে আবার কোথাও ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকবে। ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে।
কলকাতার আবহাওয়া:
তাপমাত্রার বড়সড় পরিবর্তন না হলেও গরম এবং অস্বস্তি থাকবে। এর মাঝেই বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৭ দিনে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা কম।
আজ, শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.০ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ০.৫ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ৩৪ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস।