Last Updated:
US-Iran Talks: সুইজারল্যান্ডে প্রথম দফার শান্তিবৈঠক হল আমেরিকা এবং ইরানের মধ্যে৷ ইসলামাবাদ সমঝোতা স্মারক (MoU)-এর আওতায় এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে
আমেরিকা এবং ইরানের মধ্যে সম্পন্ন হল প্রথম দফার শান্তিবৈঠক৷ ইসলামাবাদ সমঝোতা স্মারক (MoU)-এর আওতায় সুইজারল্যান্ডের বুর্গেনস্টক (Burgenstock)-এর প্রথমবার উচ্চ পর্যায়ের বৈঠক হল দুই দেশের মধ্যে৷ বৈঠকে অংশ নেয় ইরান, আমেরিকা এবং মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তানের প্রতিনিধিরা।
যৌথ বিবৃতিতে জানান হয়েছে, লেক লুসার্ন সামিট ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং ভবিষ্যৎ প্রযুক্তিগত আলোচনার জন্য একটি বিশেষ প্রক্রিয়া গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সমঝোতা স্মারকের ভিত্তিতে রাজনৈতিক পর্যায়ে মধ্যস্থতা প্রক্রিয়ার তদারকির জন্য একটি হাই-লেভেল কমিটি (High Level Committee) গঠনে সম্মত হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলি। এই কমিটির অধীনে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা এবং MoU-এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে পর্যবেক্ষণ ও বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত ওয়ার্কিং গ্রুপ কাজ করবে।
এছাড়াও, আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি রোডম্যাপ অনুমোদন করা হয়েছে। ভুল বোঝাবুঝি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে দুই পক্ষের মধ্যে একটি সরাসরি যোগাযোগ ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত হয়েছে।
MoU-তে কী আছে?
যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, MoU-তে উল্লেখিত লেবাননে সামরিক অভিযান বন্ধের শর্ত কার্যকরভাবে মেনে চলা হচ্ছে কি না, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট পক্ষ ও লেবাননকে নিয়ে একটি ‘ডিকনফ্লিকশন সেল’ গঠন করা হবে। এই ব্যবস্থাটি কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় পরিচালিত হবে। সপ্তাহের বাকি সময়জুড়ে বুর্গেনস্টক রিসর্টে প্রযুক্তিগত পর্যায়ের আলোচনা চলবে বলেও জানান হয়েছে।
মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও পাকিস্তান কূটনৈতিক উদ্যোগে প্রতিশ্রুতিবদ্ধ থাকার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানকে ধন্যবাদ জানিয়েছে। পাশাপাশি চলমান আলোচনাকে সমর্থনকারী অন্যান্য দেশগুলির প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
Kolkata,West Bengal
