Last Updated:
বলিউডের দুটি গান, সাহেব ছবির ইয়ার বিনা চ্যায়েন কাহা রে এবং মেরি জাং ছবির বোল বেবি বোল গানটি এস. জানকীর গলায় শুনেছেন সকলে৷ এই দুটি গানই সুপারহিট৷
মুম্বই: এস. জানকী আম্মার মৃত্যুতে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। অভিনেতা বিশাল সহ বেশ কয়েকজন শিল্পী তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ‘দক্ষিণের কোকিল’ নামে পরিচিত এস. জানকী আম্মা ৮৮ বছর বয়সে শনিবার কর্ণাটকের মহীশূরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর নাতনি অপ্সরা বৈদুলা একটি সোশ্যাল মিডিয়া পোস্টে তাঁর মৃত্যুর খবরটি জানিয়েছেন। এস. জানকী কন্নড়, তামিল, তেলুগু, মালয়ালম এবং হিন্দি সহ ২০টি ভাষায় ৪৮,০০০-এরও বেশি গান রেকর্ড করেছেন, যা তাঁকে ইতিহাসের অন্যতম সেরা প্লেব্যাক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তিনি কন্নড় এবং মালয়ালম ভাষায় সর্বাধিক গান গেয়েছেন।

গায়িকা এস জানকী প্রয়াত, শোকবার্তা প্রধানমন্ত্রীর
বিখ্যাত গায়িকা এস. জানকী আম্মার মৃত্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শোক প্রকাশ করেছেন। তিনি তাঁর মৃত্যুকে সঙ্গীত ও সংস্কৃতি জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করেছেন। রবিবার সকালে টুইটারে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, “প্রখ্যাত নেপথ্য গায়িকা এস. জানকী আম্মার প্রয়াণ সঙ্গীত ও সংস্কৃতি জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।” প্রধানমন্ত্রী মোদি আরও লিখেছেন, “বিভিন্ন ভাষায় তাঁর গান প্রজন্মের পর প্রজন্ম ধরে জনপ্রিয়। তিনি অতুলনীয় সৌন্দর্য ও বৈচিত্র্যের সাথে প্রতিটি অনুভূতিকে কণ্ঠ দিয়েছেন। তাঁর সুমধুর কণ্ঠ আগামী বহু বছর ধরে শ্রোতাদের মুগ্ধ করে যাবে। এই শোকের মুহূর্তে তাঁর পরিবার, অগণিত ভক্ত এবং সমগ্র সঙ্গীত জগতের প্রতি আমার গভীর সমবেদনা। ওম শান্তি।”
অভিনেতা বিশাল জানকী আম্মার একটি স্কেচ শেয়ার করে লিখেছেন, “আমাদের ক্ষেত্রের আরও একজন কিংবদন্তি আর আমাদের মাঝে নেই। সঙ্গীত জগতের জন্য এটি একটি বিশাল ক্ষতি। কিছু কণ্ঠস্বর আছে যা কখনও বুড়ো হয় না এবং চিরকাল আমাদের সাথে থেকে যায়।”
বিশাল আরও লিখেছেন, “জানকী আম্মার গানগুলো শুধু সুর ছিল না, সেগুলো হয়ে উঠেছিল স্মৃতি, যা জীবনের প্রতিটি পর্যায়ে আমাদের সঙ্গে থেকে গেছে। আজ আমরা সেই কণ্ঠকে বিদায় জানাচ্ছি, কিন্তু তিনি আমাদের লক্ষ লক্ষ মানুষকে যে অনুভূতি দিয়েছেন, তাকে কখনও নয়। জানকী আম্মা, আপনার আত্মা শান্তিতে থাকুক। আপনার সঙ্গীত আগামী প্রজন্ম পর্যন্ত বেঁচে থাকবে।”
Kolkata,West Bengal
