Last Updated:
ঋতব্রত তৃণমূল নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা কালীঘাটপন্থীরা আসল তৃণমূল, এখনও সেই সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন৷
নির্বাচন কমিশনের কাছে নিজেদের আসল তৃণমূল কংগ্রেস বলে দাবি করেছে৷ কমিশন তাঁদেরই আসল তৃণমূলের স্বীকৃতি দেবে, এ বিষয়েও আত্মবিশ্বাসী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির৷ এবার দিল্লিতে নিজেদের দফতর খোলার প্রস্তুতি শুরু করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নব তৃণমূল৷
সূত্রের খবর, আগামী মাসেই দিল্লিতে ঋতব্রতপন্থী তৃণমূলের এই কার্যালয়ের উদ্বোধন হবে৷ যেহেতু তারা নিজেদের আসল তৃণমূল বলে কমিশনে দাবি করেছে, তার পরে ঋতব্রত শিবিরের দিল্লিতে কার্যালয় খোলার সিদ্ধান্ত রাজনৈতিক ভাবেও তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে৷
কলকাতায় কালীঘাট তৃণমূলের অধিকাংশ বিধায়ককেই নিজেদের দিকে টেনে নিয়ে ঘর গুছিয়ে ফেলেছে ঋতব্রত শিবির৷ শুধু বিধায়করাই নন, কালীঘাটপন্থী তৃণমূলের বিভিন্ন পদাধিকারীরাও ঋতব্রত শিবিরে যোগ দিয়েছে৷ জেলা থেকেও তৃণমূলের সংগঠনের একাধিক নেতা, পঞ্চায়েত- পুরসভার বিভিন্ন পদে থাকা নেতারা ঋতব্রত শিবিরে যোগ দিয়েছে৷ আত্মবিশ্বাসী ঋতব্রত বার বারই দাবি করেছেন, বিধায়ক সংখ্যার পাশাপাশি সাংগঠনিক দিকে দিয়েও আসল তৃণমূলের প্রশ্নে তাদের পাল্লাই ভারী৷
যদিও দিল্লিতে তৃণমূলের লোকসভার যে সাংসদরা বিদ্রোহী হয়েছেন, তাঁরা এনসিপিআই-তে যোগ দিয়েছেন৷ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও বার বার দাবি করেছেন, তাঁদের সঙ্গে এনসিপিআই-এর কোনও যোগ নেই৷ রাজ্যসভা থেকে পদত্যাগ করা তৃণমূলের তিন সাংসদ ফের বিজেপি-র টিকিটেই পুরনো পদে ফিরেছেন৷ কিন্তু সর্বভারতীয় ক্ষেত্রে নিজেদের আরও প্রাসঙ্গিক করতেই এবার দিল্লিতেও কার্যালয় খোলার সিদ্ধান্ত নিল ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস৷
ইতিমধ্যেই নির্বাচন কমিশন তাদের কাছে যা যা নথি চেয়েছিল তা জমা দিয়েছে ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেস৷ কয়েকদিন আগে পৃথক শহিদ দিবসেরও আয়োজন করেছিল তারা৷ সবমিলিয়ে কালীঘাট তৃণমূলকে টেক্কা দিয়ে নিজেদেরকেই আসল প্রমাণে মরিয়া ঋতব্রতপন্থীরা৷ শহিদ দিবসের অনুষ্ঠানেও বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, নির্বাচন কমিশনের থেকে আসল তৃণমূলের স্বীকৃতি তাঁরাই পাবেন৷
Kolkata,West Bengal
Jul 27, 2026 10:16 PM IST
