Last Updated:
জমি দখল ও প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় অতীন ঘোষ এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষের রক্ষাকবচের মেয়াদ ১৪ অগস্ট পর্যন্ত বাড়াল কলকাতা হাই কোর্ট। আগামী ১০ অগস্ট মামলার পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতি নিয়ে আদালতে রিপোর্ট পেশ হতে পারে।
কলকাতাঃ জমি দখল ও প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় কলকাতা পুরসভার প্রাক্তন ডেপুটি মেয়র তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক অতীন ঘোষ এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে অন্তর্বর্তী স্বস্তি দিল কলকাতা হাই কোর্ট। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অতীন ঘোষ ও তাঁর কন্যার রক্ষাকবচের মেয়াদ আগামী ১৪ অগস্ট পর্যন্ত বাড়িয়ে দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ১০ অগস্ট।
এই মামলায় অতীন ঘোষের পক্ষে সওয়াল করছেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। এর আগে বিধাননগর উত্তর থানার পুলিশ জমি সংক্রান্ত অনিয়মের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য অতীন ঘোষ এবং তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষকে তলব করেছিল। এরপরই গ্রেফতারি এড়াতে আগাম আইনি সুরক্ষার আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন কাশীপুর-বেলগাছিয়ার প্রাক্তন বিধায়ক।
মামলার সূত্রপাত বিশিষ্ট হোটেল ব্যবসায়ী ও মহিলা উদ্যোক্তা কমলিনী পালের অভিযোগের ভিত্তিতে। তাঁর অভিযোগ, ইস্টার্ন মেট্রোপলিটন (ইএম) বাইপাস সংলগ্ন প্রায় ৪ কোটি টাকা মূল্যের একটি তিনতলা বাংলো এবং ২.৫ কাঠা জমি রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক দখল করা হয়েছে। অভিযোগে অতীন ঘোষ, তাঁর কন্যা প্রিয়দর্শিনী ঘোষ, জামাই এবং আরও কয়েকজনের নাম রয়েছে।
কমলিনী পালের দাবি, তাঁর প্রয়াত বাবা উইল করে ওই সম্পত্তি তাঁর নামে দিয়ে যান। পরে অতীন ঘোষ ও তাঁর কন্যার সেখানে থাকার ইচ্ছা হলে তাঁকে ভয় দেখিয়ে সম্পত্তির নথিতে জোর করে সই করানো হয়। তিনি আরও অভিযোগ করেন, সম্পত্তি বিক্রিতে রাজি না থাকা সত্ত্বেও অভিযুক্তরা তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা অগ্রিম পাঠিয়ে দেন। পরে তিনি সুদ-সহ সেই অর্থ ফেরত দিলেও প্রতারণার অভিযোগ তুলে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়।
এই অভিযোগের ভিত্তিতে বিধাননগর উত্তর থানার পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে অতীন ঘোষ, তাঁর কন্যা এবং অন্যান্য অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য সমনও পাঠানো হয়েছিল। তবে হাই কোর্টের নির্দেশে আপাতত ১৪ অগস্ট পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপে স্থগিতাদেশ বহাল থাকল। মামলার পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতি এবং অন্যান্য বিষয় আদালতে তুলে ধরা হবে।
Kolkata,West Bengal
Jul 28, 2026 12:46 PM IST
