Last Updated:
প্রয়োজন অনুযায়ী নতুন সেতু ও কালভার্ট নির্মাণের পরিকল্পনাও DPR-এ অন্তর্ভুক্ত থাকবে, যাতে নিরাপদ, কার্যকর ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা যায়।
আবির ঘোষাল, কলকাতা: দুটি গুরুত্বপূর্ণ রাস্তার দায়িত্ব নিল রাজ্য পূর্ত দফতর ৷ দার্জিলিংয়ের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকারের পূর্ত দফতর (রোডস উইং) গোরখাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (GTA)-এর অধীনে থাকা দুটি গুরুত্বপূর্ণ রাস্তার দায়িত্ব গ্রহণের নির্দেশ জারি করেছে।
২৭ জুলাই ২০২৬ তারিখে জারি হওয়া নির্দেশিকা অনুযায়ী, GTA-র অনুরোধের ভিত্তিতে নিম্নলিখিত দুটি রাস্তা রাজ্যের পূর্ত দফতরের অধীনে আনা হচ্ছে—
রোহিণী রোড (সুভাষ ঘিসিং মার্গ), যা সিমুলবাড়ির কাছে জাতীয় সড়ক (NH-110) এবং রাজ্য সড়ক (SH-12)-কে সংযুক্ত করেছে।
লেবং বাজার থেকে রঙ্গায়রুন টি এস্টেট হয়ে থার্ড মাইল পর্যন্ত সার্কুলার রোড, দার্জিলিং। সরকারি নির্দেশে বলা হয়েছে, প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দার্জিলিং হাইওয়ে ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এই রাস্তা দুটির দায়িত্ব গ্রহণ করবেন।
এছাড়াও, রাস্তা দুটির সার্বিক উন্নয়ন, মজবুতকরণ ও আধুনিকীকরণের জন্য বিস্তারিত প্রকল্প প্রতিবেদন (DPR) তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
পর্যটনের ভরা মরশুমে দার্জিলিং শহরমুখী রাস্তায় যানজটে ফেঁসে গিয়ে অপেক্ষা করতে হয় ঘণ্টার পর ঘণ্টা। গত কয়েক বছর ধরে এই সমস্যা চলছে। পরিবারের বয়স্ক সদস্য থেকে শিশু, গাড়িতে দীর্ঘক্ষণ বসে থেকে নাকাল হতে হয় সবাইকে। দার্জিলিং শহরে গাড়ি পার্কিংয়ের পরিকল্পিত পরিকাঠামো নেই। যার ফলে কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়ে যানজট। এ বছর এপ্রিল-মে মাসের পর্যটনে মরশুমেও ওই একই ছবি। শুধু দার্জিলিংয়ের দিকে যাওয়া পর্যটকরা নন, পাহাড়ের ও দিক থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনমুখী পর্যটকরাও সমস্যায় পড়েন। এই অবস্থায় যানজট নিয়ন্ত্রণ করতে সমতল থেকে দার্জিলিং যাওয়ার রাস্তার একাধিক জায়গায় অত্যাধুনিক পার্কিং লট তৈরির সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর।
Kolkata,West Bengal
