Last Updated:
Profitable Farming Idea: শুধু ফুল বিক্রি করেই নয়, পদ্ম গাছের টিউবার ও পাতা বিক্রি করেও অতিরিক্ত আয় করছেন তিনি। বিভিন্ন জায়গা থেকে অনেকে তাঁর কাছে পদ্ম চাষের বিষয়ে জানতে আসছেন। কেউ কেউ আবার টিউবার কিনে নিজেদের জমিতেও এই চাষ শুরু করার আগ্রহ দেখাচ্ছেন।
বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: পদ্ম চাষ করে ভাল আয়ের পথ দেখাচ্ছেন বসিরহাটের তুষার কান্তি মিস্ত্রি। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার এক পতিত জলা জমি আজ ভরে উঠেছে সাদা ও গোলাপি পদ্মের সৌন্দর্যে। আর সেই সৌন্দর্যই এখন আয়ের নতুন পথ দেখাচ্ছে এলাকার বাসিন্দা তুষার কান্তি মিস্ত্রিকে। ছোট ব্যবসার পাশাপাশি অভিনব উদ্যোগ নিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন, ইচ্ছা থাকলে পতিত জমিও হয়ে উঠতে পারে লাভজনক সম্পদ।
তুষার কান্তি মিস্ত্রির বাড়ির পাশে থাকা জলা জমিতে আগে তেমন কোনও চাষাবাদ হত না। অনেকেই জমিটিকে অকেজো বলেই মনে করতেন। কিন্তু কয়েক বছর আগে পরীক্ষামূলকভাবে সেখানে কিছু পদ্মের টিউবার লাগান তিনি। ধীরে ধীরে সেই জমিই ভরে ওঠে পদ্ম ফুলে। এখন দূর থেকে তাকালেই চোখে পড়ে জলের উপর ফুটে থাকা অসংখ্য সাদা ও গোলাপি পদ্ম। বর্তমানে প্রতি সপ্তাহে প্রায় ৪০০ থেকে ৫০০টি পদ্ম ফুল বিক্রি করেন তুষারবাবু।
পাইকারি বাজারে প্রতিটি ফুলের দাম পাওয়া যায় প্রায় ৪ থেকে ৫ টাকা। এছাড়াও স্থানীয় অনেক মানুষ সরাসরি তাঁর বাড়িতে এসে ফুল কিনে নিয়ে যান। বিশেষ করে দুর্গাপুজো, লক্ষ্মীপুজো-সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সময় পদ্ম ফুলের চাহিদা ও দাম দুটোই বেড়ে যায়। শুধু ফুল বিক্রি করেই নয়, পদ্ম গাছের টিউবার ও পাতা বিক্রি করেও অতিরিক্ত আয় করছেন তিনি। বিভিন্ন জায়গা থেকে অনেকে তাঁর কাছে পদ্ম চাষের বিষয়ে জানতে আসছেন।
কেউ কেউ আবার টিউবার কিনে নিজেদের জমিতেও এই চাষ শুরু করার আগ্রহ দেখাচ্ছেন। নিজের মূল ব্যবসার পাশাপাশি অবসর সময়কে কাজে লাগিয়ে এই পদ্ম চাষ থেকেই বর্তমানে মাসে প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা অতিরিক্ত আয় করছেন তুষার কান্তি মিস্ত্রি। তাঁর এই উদ্যোগ এখন এলাকার অনেকের কাছেই অনুপ্রেরণা হয়ে উঠেছে। তুষারবাবুর কথায়, “যে জমিকে সবাই ফেলে রেখেছিল, সেই জমিই আজ আমার বাড়তি রোজগারের পথ তৈরি করেছে। একটু যত্ন আর ইচ্ছা থাকলে পদ্ম চাষ থেকেও ভাল আয় সম্ভব।” বসিরহাটের এই উদ্যোগী ব্যক্তির সাফল্য এখন অনেককেই নতুনভাবে ভাবতে শেখাচ্ছে।
North Twenty Four Parganas,West Bengal