Last Updated:
Abhishek Banerjee on Kalyan Banerjee: কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে এবার মুখ খুললেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কল্যাণ ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, ‘‘যদি অভিষেককে নিয়ে দল চলে তবে আমি আর নেই।’’ এবার তার প্রতিক্রিয়া দিলেন অভিষেক।
কলকাতা: বৃহস্পতিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কল্য়াণ বন্দ্যোপাধ্যায়। তিনি প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘‘যদি অভিষেককে নিয়ে দল চলে তবে আমি আর নেই।’’ এবার সেই নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক এই প্রসঙ্গে বলেন, “কল্যাণ ব্যানার্জির অধিকার আছে আমাকে নিয়ে কথা বলার। আমাকে উনি ছোট থেকে বড় করেছেন। আমার ক্ষোভ নেই। উনি আমাকে এই সব কথা বলতে পারেন। দলে যে সব শীর্ষ নেতারা আমাকে নিয়ে কথা বললেন, তারা বলতে পারেন দলের মধ্যে”।
প্রসঙ্গত, আজ, অর্থাৎ শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এড়িয়ে যান কল্যান বন্দ্যোপাধ্যায়, এলেন না বিকেলে। গণনার পর থেকে নিয়মিত কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছিল বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। গতকালের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতভেদের পর আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ।
ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার, কলকাতা হাইকোর্ট ছিল সইজাল কাণ্ডে রক্ষাকবচ চেয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা আবেদনের শুনানি ছিল৷ অভিষেকের রক্ষাকবচ মামলা করছিলেন কল্যাণ ও তাঁর ছেলে শীর্ষাণ্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এদিনের বক্তব্য, ‘‘গতকাল রাত ১২টা ৩০ মিনিটে জানানো হয় মামলা করার দরকার নেই৷ তারপরে আজ অন্য আইনজীবীকে নিয়োগ কেন?’’
এরপরেই ক্ষুব্ধ কল্যাণের মন্তব্য, ‘‘ওর উদ্ধত্য, এসি রুমের রাজনীতির জন্য দল হেরেছে। আর নেই আমি। অনেক হয়েছে।’’ কল্যাণের স্পষ্ট কথা, ‘‘ওর বসিং অ্যাটিটিউড হারার পরেও যায়নি। দিদিকে ঠিক করতে হবে কী করবে, ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি হতে পারব না।’’
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন সিআইডির তলব প্রসঙ্গে তদন্তে সহযোগিতা করার বার্তা দেন। তিনি বলেন, “আমায় যেখানেই যখন ডেকেছে আমি গিয়েছি, আমার পক্ষে যতটুকু সহযোগিতা করা সম্ভব আমি করব”।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
