Last Updated:
Accident: চিংড়িঘাটার দিকে যাচ্ছিল বাইক৷ হঠাৎ কোনও সিগন্যাল না মেনেই প্রবল বেগে ছুটে এসে ধাক্কা মারে গাড়ি৷ ঘটনায় আহত বাইক চালক৷
সল্টলেক: রবিবার সাতসকালেই দুর্ঘটনায় সল্টলেকে৷ বাইকের সঙ্গে ধাক্কা গাড়ির৷ জানা গিয়েছে, সকালে সল্টলেকের সেক্টর ফাইভ এলাকা থেকে একটি গাড়ি ও একটি বাইক চিংড়িঘাটার দিকে যাচ্ছিল। অভিযোগ, পথে একটি গাড়ি সিগন্যাল না মেনে এবং কোনও ‘ইন্ডিকেটর’ না দিয়ে হঠাৎ ডানদিকে মোড় নেয়। ওই গাড়ির সঙ্গেই ধাক্কা লাগে বাইকটির৷ এরপরেই রাস্তায় ছিটকে পড়ে বাইক৷ ঘটনায় আহত বাইক চালক৷
সূত্রের খবর, বাইক চালকের মাথায় হেলমেট ছিল, তবে শরীরের অন্যান্য অংশে গুরুতর আঘাত লাগে। ধাক্কার পর গাড়ির চালক দ্রুত ব্রেক কষলেও গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝখানে থাকা ট্র্যাফিক পুলিশ কিয়স্কে গাড়িটি ঢুকে পড়ে। এতে কিয়স্কের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেই জানা গিয়েছে। পুলিশ গাড়ির চালককে আটক করেছে এবং গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। আহত বাইক চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই সল্টলেক সেক্টর ফাইভে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ১৪ বছরের কিশোরের৷ বাসের ধাক্কায় মৃত্যু হয় বলে প্রাথমিক অনুমানে জানা যায়। বাসটিকে আটক করেছে পুলিশ। সেক্টর ফাইভের উইপ্রো ব্রিজের উপরেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃত উবেদ আলাম, বয়স ১৪ বছর। তিন বন্ধু মিলে ইকোপার্কে ঘুরতে গিয়েছিল তারা। উইপ্রো ব্রিজের উপর দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছিল। দুই বন্ধু এগিয়ে গেলে একজনকে দেখতে না পেয়ে আবার পিছনের দিকে যায়। তখনই দেখতে পায় ব্রিজের ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে উমেদ। এরপর কর্তব্যরত ট্রাফিক পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে বিধাননগর মহাকুমা হাসপাতালে নিয়ে গেলে কিশোরকে মৃত বলে ঘোষণা করে।
Kolkata,West Bengal
