Last Updated:
Alok Nath: বলিউড অভিনেতা অলোক নাথ ২০১৮ সালে ভারতের মিটু আন্দোলনের সময় তীব্র বিতর্কের মুখে পড়েন। তাঁর বিরুদ্ধে একাধিক অভিনেত্রী ও কর্মজীবী, বিশেষ করে প্রযোজক-লেখিকা বিনতা নন্দা, গুরুতর যৌন হেনস্থা এবং ধর্ষণের অভিযোগ আনেন। তারপর থেকে বলিউড থেকে গায়েব প্রবীণ অভিনেতা৷ এখন কোথায় আছেন আলোক নাথ৷
মুম্বই: বলিউডের প্রবীণ অভিনেতা অলোক নাথ বহু বছর ধরে চুটিয়ে অভিনয় করে গেছেন৷ তাঁর পিতৃতুল্য ব্যক্তিত্ব সকলের কাছেই পরিচিত ছিল৷ শুধু তাই নয়, বলিউডের “সংস্কারী বাবাজি” উপাধি অর্জন করেছিলেন। তবে আচমকাই ঘটে ছন্দপতন৷ ২০১৮ সালে মিটু আন্দোলনের সময় একাধিক নারী তাঁর বিরুদ্ধে অভিযোগ আনার পর থেকে এই অভিনেতাকে জনসমক্ষে খুব কমই দেখা গেছে। এই বিতর্কের পর তাঁর জীবন নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে, তাঁর শৈশবের বন্ধু ও অভিনেতা রাজেশ পুরি সম্প্রতি প্রকাশ করেছেন যে এই অভিযোগগুলো অলোকের উপর একটি দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছিল এবং এই অভিজ্ঞতা তাঁকে পুরোপুরি বদলে দিয়েছে।
মানি কন্ট্রোলের তথ্য অনুযায়ী, রাজেশ পুরী সম্প্রতি এক সাক্ষাৎকারে অলোকনাথ সম্পর্কে কথা বলেছেন এবং প্রকাশ করেছেন যে এই বর্ষীয়ান অভিনেতা চলচ্চিত্র জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। তিনি আরও জানান, যে অলোকনাথ এখন এক শান্ত, নিভৃত জীবনযাপন করেন এবং খুব কমই বাড়ির বাইরে বের হন। তিনি বলেন, “যখন অলোকনাথের বিরুদ্ধে মিটু-র অভিযোগ উঠেছিল, তখন সবাই হতবাক হয়ে গিয়েছিল, কারণ তিনি একজন ‘সংস্কারী’ অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন। অভিযোগগুলোর পর তিনি নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন। তিনি ইন্ডাস্ট্রি থেকে প্রায় অদৃশ্য হয়ে গেছেন এবং বেশিরভাগ সময় বাড়িতেই আবদ্ধ থাকেন।”
অলোকনাথের জীবনযাত্রা নিয়ে বলতে গিয়ে রাজেশ স্বীকার করেছেন যে তাঁর দীর্ঘদিনের বন্ধু হয়তো ভুল করেছেন। তবে তিনি জোর দিয়ে বলেন যে, সবকিছু সত্ত্বেও তিনি এখনও বিশ্বাস করেন অলোক একজন প্রকৃতই দয়ালু এবং ভাল মনের মানুষ। তিনি আরও বলেন, “অলোক খুব নির্মল মনের একজন মানুষ। সে এখন পুরোপুরি বদলে গেছে। সে এখন আর মদ্যপানও করে না। সে খুব স্নেহপ্রবণ একজন মানুষ, কিন্তু তার মধ্যে দুটি বিষয় ছিল। প্রথমত, কোনও কিছুতেই সে মন খারাপ করত না, এবং দ্বিতীয়ত, মদ্যপান। সে খুব বিপজ্জনকভাবে মদ্যপান করত, এবং সেটাই তাকে প্রভাবিত করেছিল।”
তিনি আরও বলেন, “আমি তাকে বলি, ‘বাড়ি চলে এসো, চলো আমাদের খামারবাড়িতে দেখা করি।’ সে শুধু এড়িয়ে যায়। কখনও কখনও সে ফোনে খুব ভাল করে কথা বলে, কিন্তু প্রায়শই তার মনে হয় যে একটি ভাল প্রতিভা নষ্ট হচ্ছে। সে কোনও প্রস্তাব গ্রহণ করে না এবং বলে যে সে বাড়ি থেকে কাজ করে। আমার মনে হয় না সে এই মুহূর্তে খুব বেশি কাজ করছে, কারণ সে গভীরভাবে আঘাত পেয়েছে।”
রাজেশ আরও জানান যে, জীবনের এই পর্যায়ে সান্ত্বনা ও পথনির্দেশনার খোঁজে অলোকনাথ সাম্প্রতিক বছরগুলোতে আধ্যাত্মিকতার দিকে ঝুঁকেছেন। তিনি বলেন, “যা হওয়ার, তা হয়ে গেছে। সে অনুতপ্ত, এবং যা ঘটেছে তা ভাল ছিল না। এখন সে কারও মুখোমুখি হতে চায় না। আমরা দু’জনেই একজন গুরুর অনুসারী, এবং অলোকও তাঁকে অনুসরণ করতে শুরু করেছিল। সে গুরুর নির্দেশনায় এসেছিল, কিন্তু যখন সৎসঙ্গ ছিল, তখনও সে আসেনি।”
Kolkata,West Bengal
Jul 11, 2026 10:48 AM IST
