কলকাতা: যাঁরা চাকরি করেন, তাঁদের কাছে EPF বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অবসরকালীন সঞ্চয়। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা EPFO বারবার সদস্যদের তাঁদের অ্যাকাউন্টে নমিনির নাম যুক্ত করার পরামর্শ দেয়। কারণ, কোনও সদস্যের মৃত্যু হলে তাঁর প্রভিডেন্ট ফান্ড, পেনশন এবং বিমার অর্থ দ্রুত ও সহজে পরিবারের হাতে পৌঁছে দিতে নমিনির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: চন্দ্রিমা, ববি, অরূপের পরে কালীঘাট-তৃণমূলে আরও বড় ভাঙন? এবার কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট?
তবে কোনও EPF সদস্য যদি নমিনি যুক্ত না করেই মারা যান, তাহলে তাঁর জমা অর্থ বা বিমার সুবিধা কি বাতিল হয়ে যাবে? EPFO জানাচ্ছে, যদি এমন হয় তাহলে কোনও সুবিধাই বাতিল হয় না। যদিও সেই ক্ষেত্রে দাবি নিষ্পত্তির প্রক্রিয়া তুলনামূলকভাবে জটিল এবং সময়সাপেক্ষ হয়ে পড়ে। পরিবারের সদস্য বা আইনগত উত্তরাধিকারীদের একাধিক নথি জমা দিতে হয় এবং নিয়ম অনুযায়ী প্রত্যেক যোগ্য উত্তরাধিকারী সমান অংশের দাবিদার হতে পারেন।
EPFO-র নিয়ম অনুযায়ী, পুরুষ সদস্যের ক্ষেত্রে স্ত্রী, সন্তান, বাবা-মা, পুত্রবধূ এবং নাতি-নাতনি যোগ্য পরিবারের সদস্য হিসেবে বিবেচিত হন। অন্যদিকে মহিলা সদস্যের ক্ষেত্রে স্বামী, শ্বশুর-শাশুড়ি, সন্তান, বাবা-মা, পুত্রবধূ এবং নাতি-নাতনি এই সুবিধার আওতায় আসতে পারেন। যদি কোনও নমিনি বা আইনগত উত্তরাধিকারী না থাকেন, তাহলে আইন অনুযায়ী পরবর্তী যোগ্য ব্যক্তি PF-এর অর্থ দাবি করতে পারেন।
EPFO জানিয়েছে, সমস্ত নথি সঠিকভাবে জমা পড়লে সাধারণত সাত দিনের মধ্যেই দাবি নিষ্পত্তির চেষ্টা করা হয়। তবে নমিনি না থাকলে অতিরিক্ত যাচাইয়ের কারণে সময় বেশি লাগতে পারে। এছাড়া দীর্ঘদিন কোনও দাবি না করা হলে এবং তিন বছর পর্যন্ত অ্যাকাউন্ট অচল অবস্থায় থাকলে সেটি ইনঅপারেটিভ হয়ে যায়। তাই পরিবারের সদস্যদের সময়মতো দাবি জানানো জরুরি।
এই সমস্যা এড়াতে EPFO ই-নমিনেশন পরিষেবাও চালু করেছে। UAN, আধার-সংযুক্ত মোবাইল নম্বর এবং KYC আপডেট করা থাকলে অনলাইনেই নমিনি যুক্ত করা যায়। নমিনির আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য এবং ছবি আপলোড করলেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়। ফলে জরুরি পরিস্থিতিতে পরিবার দ্রুত PF, EPS এবং EDLI-র সুবিধা পেতে পারে।