Last Updated:
Ice Cream Business: তীব্র ভ্যাপসা গরম আর আর্দ্রতায় নাজেহাল মানুষের তৃষ্ণা মেটাতে এখন রাস্তার মোড়ে মোড়ে পসরা সাজিয়েছেন শরবত ও বরফ গোলার বিক্রেতারা। আধুনিকতার ছোঁয়ায় অতীতের ১০-২০ পয়সার চেনা কাঠির আইসক্রিম আজ হারিয়ে গেলেও, তা ফিরে এসেছে রঙিন ‘গোলা’ ও হরেক ফ্লেভারের শরবতের রূপে। তাতেই দুহাত ভরে হচ্ছে ইনকাম।
রানাঘাট, নদিয়া, মৈনাক দেবনাথ: ভ্যাপসা গরম আর তীব্র আর্দ্রতায় নাজেহাল জনজীবন। বর্ষার দেখা মিললেও বৃষ্টির যেন আকাল। আর এই তীব্র দহনে রানাঘাট ও তার পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের তৃষ্ণা মেটাতে এখন রাস্তার মোড়ে মোড়ে পসরা সাজিয়ে বসেছেন শরবত ও বরফ গোলার বিক্রেতারা। যুগ বদলেছে, সেই সঙ্গে বদলেছে মানুষের স্বাদ ও পছন্দ। অতীতে গরম পড়লেই পাড়ায় পাড়ায় শোনা যেত আইসক্রিম বিক্রেতাদের চেনা হাঁক। মাত্র ১০-২০ পয়সার সেই কাঠির আইসক্রিম বা বরফ কলের আইসক্রিম কিনতে কচি-কাঁচাদের মধ্যে যে উন্মাদনা দেখা যেত।
আধুনিকতার ছোঁয়ায় তা আজ কেবলই স্মৃতি। আজকের নতুন প্রজন্ম সেই সোনালী দিনগুলোর স্বাদ পায়নি। তাদের কাছে এখন নামী-দামী ব্র্যান্ডের হরেক রকমের আইসক্রিমই চেনা পরিচিত। পুরোনো দিনের সেই স্মৃতি পুরোপুরি হারিয়ে না গেলেও, তা এখন একটু অন্য রূপ নিয়ে ফিরে এসেছে। দু’চাকার আইসক্রিম গাড়ি বদলে গিয়ে আজ চার চাকার সুসজ্জিত ভ্যানে রূপান্তরিত হয়েছে। সেখানে প্লাস্টিক বা কাচের গ্লাসে বরফ কুচি আর হরেক রঙের ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে মুখরোচক ‘গোলা’ ও শরবত।
রানাঘাটের এমনই একজন গোলা বিক্রেতা বিশ্বজিৎ মিস্ত্রি। বিগত পাঁচ বছর ধরে তিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত। তিনি জানান, তীব্র গরমে এখন মানুষ তৃপ্তি পেতে তাঁর দোকানে ভিড় জমাচ্ছেন। তাঁর কাছে পাওয়া যাচ্ছে লেবু জল, দই লস্যি, মকটেল এবং হরেক স্বাদের বরফ গোলা। কাঁচা আম, পাকা আম, লিচু, কালা খাট্টা, অরেঞ্জ এবং পাইনঅ্যাপেল, এই সব লোভনীয় ফ্লেভারের গোলা তৈরিতে রানাঘাটের রানাখামার মোড়ের ‘লক্ষ্মী’ থেকে আনা উপকরণ ব্যবহার করা হয়। মূল্যও সাধারণ মানুষের নাগালের মধ্যেই।
মাত্র ১০ টাকায় মিলছে এক গ্লাস লেবু জল এবং ২০ টাকায় পাওয়া যাচ্ছে স্পেশাল বরফ গোলা। বিশ্বজিৎবাবু জানান, ছোট-বড়, তরুণ থেকে বৃদ্ধ- সব বয়সের মানুষই গরমের ক্লান্তি দূর করতে তাঁর দোকানে আসেন। শীতকালে এই ব্যবসা বন্ধ থাকলেও, গরমের মরসুমে প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৫০০ টাকা লাভ হয় তাঁর, যা দিয়ে চলে তাঁর সংসার। স্মৃতির সেই কাঠি আইসক্রিম হয়তো আর ফিরবে না, তবে এই তীব্র গরমে রানাঘাটের রাস্তার মোড়ে মোড়ে এক গ্লাস ঠান্ডা লেবু জল কিংবা রঙিন বরফ গোলাই এখন পথচলতি মানুষের একমাত্র চাতক পাখি। ইচ্ছা করলেই যে কেউ এসে চেখে দেখতে পারেন এই আধুনিক বৈচিত্র্যের স্বাদ।
Nadia,West Bengal