নয়াদিল্লি: বিশ্বের সবথেকে বড় টি-টোয়েন্টি লিগ কোনটি? এই প্রশ্নের উত্তরে সিংহভাগ ক্রিকেটপ্রেমীরা একটাই উত্তর দেবেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে এই টুর্নামেন্টের জনপ্রিয়তা, ব্যাপ্তি। কিন্তু এই টুর্নামেন্টের সবথেকে বড় ম্যাচ উইনার কে? কার দখলে রয়েছে সর্বাধিকবার ম্যাচ সেরার কৃতিত্ব?
বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), মহেন্দ্র সিংহ ধোনির মতো গুটিকয়েক ক্রিকেটার রয়েছেন যাঁরা এখনও পর্যন্ত আইপিএলের ১৯টি সংস্করণেই কোনও না কোনও দলের অংশ হয়েছেন। ধোনি এবার একটিও ম্যাচ অবশ্য এখনও পর্যন্ত খেলেননি। এই ভারতীয় তারকা ত্রয়ীই সর্বাধিক ম্য়াচ সেরার পুরস্কারজয়ী ক্রিকেটারদের তালিকায় প্রথম পাঁচে রয়েছেন। তবে এঁদের কেউই সর্বাধিকবার ম্যাচ সেরার পুরস্কার পাননি। সেই কৃতিত্ব তাহলে কার দখলে?
সেই কৃতিত্বের মালিক এবিডি ডিভিলিয়ার্স। সাম্প্রতিক যুগের সবথেকে বড় ম্যাচ উইনারের প্রসঙ্গ উঠলে এবিডির নাম উঠে আসাটা খুবই স্বাভাবিক। অসাধারণ কিছু ইনিংস, অসামান্য কিছু ক্যাচ এবিডিকে আজও সমর্থকদের মনে করায়। আইপিএলের মঞ্চে লেজেন্ডসের তকমা নিঃসন্দেহেই পাবেন প্রোটিয়া কিংবদন্তি। সেই ডিভিলিয়ার্সের দখলেই সর্বাধিক ২৫ বার আইপিএলে ম্য়াচ সেরা হওয়ার কৃতিত্ব রয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ডিভিলিয়ার্স, কোহলিরই আরেক প্রাক্তন সতীর্থ তথা আরসিবি কিংবদন্তি ক্রিস গেল। ‘ইউনিভার্স বস’ একা হাতে কতবারই না প্রতিপক্ষের বোলিং আক্রমণে লন্ডভন্ড করেছেন, কত ম্য়াচই না তিনি জিতিয়েছেন। তাই এই তালিকায় তাঁকে দেখে কেউই বিস্মিত হবেন না। গেল এই টুর্নামেন্টে ২২ বার ম্যাচ সেরা হয়েছেন।
এই দুই বিদেশি কিংবদন্তির পরে তৃতীয় স্থানে রয়েছেন বিরাট কোহলি। কেকেআরের বিরুদ্ধে বিরাট কোহলি সম্প্রতি নিজের আইপিএল কেরিয়ারের নবম শতরান হাঁকান। সেই ইনিংসের সুবাদে তাঁর দল বেশ সহজেই ১৯০-র অধিক রান তাড়া করে নাইটদের পরাজিত করে। এই ইনিংসের সুবাদে কোহলি ম্যাচ সেরা হন। এটি আইপিএলে ‘কিং’-র ২১তম ম্যাচ সেরার পুরস্কার ছিল। তাঁর সঙ্গে কিন্তু সমপরিমান ম্য়াচ সেরার পুরস্কার রয়েছে ভারতের বর্তমান প্রজন্মের আরেক মহাতারকা রোহিত শর্মার দখলেও। রো-কোর পরে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। মাহি নিজের আইপিএল কেরিয়ারে মোট ১৮ বার ম্যাচ সেরা হয়েছেন। তবে তিনি একা নন, তাঁর সঙ্গে যুগ্মভাবে এই কৃতিত্ব রয়েছে আরও এক ক্রিকেটারের দখলে।
তিনি আইপিএলে সর্বাধিক রান করা বিদেশি ক্রিকেটার। এই ক্রিকেটারের নাম বোঝা খুব একটা জটিল নয়। কথা হচ্ছে আইপিএল জয়ী অধিনায়ক তথা কিংবদন্তি ব্যাটার ডেভিড ওয়ার্নারের। ধোনির সঙ্গে সমপরিমান ১৮ বার ম্যাচ সেরা হয়েছেন প্রাক্তন দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দরাবাদ ক্রিকেটার।