Last Updated:
তৃণমূলের এই ছন্নছাড়া অবস্থাকে কাজে লাগিয়ে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টায় নেমে পড়েছে কংগ্রেসও৷
বুধবারই তৃণমূলে বড়সড় ফাটল ধরিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা৷ অন্তত ৬০ থেকে ৬২ জন বিধায়কের সমর্থন ইতিমধ্যেই বিক্ষুব্ধ শিবিরের দিকে রয়েছে বলে খবর৷ বুধবার বিধানসভার অধ্যক্ষকে দেওয়া চিঠিতে তৃণমূলের যে ৫৮ জন বিধায়ক সই করেছিলেন, তাঁদের মধ্যে ১৭ জন সংখ্যালঘু বিধায়ক সই করেছিলেন৷ এতজন সংখ্যালঘু বিধায়কের বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগ দেওয়া তৃণমূলনেত্রীর মাথাব্যথা আরও বাড়িয়ে দেবেই৷
তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে যে বড়সড় চিড় ধরেছে, গত বিধানসভা নির্বাচনের ফলেই তা স্পষ্ট৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ আরও বাড়িয়ে অন্তত ১৭ জন সংখ্যালঘু বিধায়ক তৃণমূলের বিক্ষুব্ধ শিবিরে যোগ দিয়েছেন৷ সূত্রের খবর, বৃহস্পতিবার সেই সংখ্যাটা আরও বেড়েছে৷ মুর্শিদাবাদ, মালদহ, বীরভূম, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলির সংখ্যালঘু বিধায়করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লিখিয়েছেন৷
বিধানসভা নির্বাচনের ফলে স্পষ্ট, গত ১৫ বছরে তৃণমূলের নির্বাচনী সাফল্যের অন্যতম প্রধান কারণ মহিলা ভোট এবার হাতছাড়া হয়েছে৷ এবার সংখ্যালঘুরা মুখ ফেরালে আগামী দিনে নির্বাচনী লড়াইয়ে তৃণমূলের আরও দিশেহারা অবস্থা হবে৷
দলের মধ্যে বাড়তে থাকা বিক্ষোভের সুর আন্দাজ করেই নতুন করে দলকে গড়ে তোলার কথা শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে৷ শেষ পর্যন্ত তা করতে গেলেও তাঁর বড় ভরসা হবে সংখ্যালঘু ভোটার এবং সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলি৷ কিন্তু একধাক্কায় দলের এতজন সংখ্যালঘু বিধায়ক মুখ ফেরালে মমতা দলকে নতুন করে তৈরির চেষ্টাও ধাক্কা খেতে পারে৷
প্রদেশ কংগ্রেসের এক সূত্রের দাবি, ইতিমধ্যেই তৃণমূলের কয়েকজন সংখ্যালঘু বিধায়ক বিভিন্ন স্তরে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে কথা বলতে শুরু করেছেন৷ তৃণমূলের ডামাডোল না মিটলে অদূর ভবিষ্যতে সংখ্যালঘু ওই তৃণমূল বিধায়করা কংগ্রেসে যোগ দেওয়ার পথ খোলা রাখছেন বলেই খবর৷
প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও সেই সম্ভাবনার কথা পুরোপুরি খারিজ করে দেননি৷ বিধানসভায় যে নতুন তৃণমূলের গোষ্ঠী গড়ে উঠেছে, তার স্পনসর বিজেপি বলে দাবি করেছেন অধীর৷ প্রাক্তন সাংসদের কথায়, এই পরিস্থিতি বেশি দিন চলতে থাকলে সংখ্যালঘু বিধায়করা এরপর নিজেদের এলাকাতেও ফিরতে পারবেন না৷ ফলে তাঁরা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করতেই পারেন৷
নাম প্রকাশে অনিচ্ছুক তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগ দিলেও সংখ্যালঘু বিধায়ক সহ অন্য অনেকেই এখনও নিজেদের তৃণমূল কংগ্রেসেরই অংশ বলে দাবি করেছেন৷ তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কেই নিজেদের নেত্রী বলে স্বীকার করেছেন৷ যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা এক কথায় বেনজির৷ নেত্রী কী বলেন, আমরা সেই নির্দেশের অপেক্ষায় রয়েছি৷
Kolkata,West Bengal
