Last Updated:
Murshidabad News: ভরতপুরের আঙ্গারপুর বাসস্ট্যান্ড এলাকায় জহুর আলি সেখের বাড়িতে গভীর রাতে হানা দিল দুষ্কৃতীরা। পরিবারের সদস্যদের বাইরে থেকে ঘরে আটকে রেখে আলমারি ভেঙে নগদ টাকা ও সোনা লুঠ করে তারা। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদের ভরতপুরের আঙ্গারপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা জহুর আলি সেখের বাড়িতে হানা দিয়ে দুষ্কৃতীরা নগদ টাকা ও সোনার গয়না-সহ লক্ষাধিক টাকার সামগ্রী লুঠ করে নিয়ে চম্পট দিয়েছে বলে অভিযোগ।
পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার রাতে জহুর আলির দুই পুত্রবধূ ও ছেলেরা পাশের একটি ঘরে ঘুমাচ্ছিলেন। অভিযোগ, দুষ্কৃতীরা অত্যন্ত চতুরতার সঙ্গে ওই ঘরের গ্রিলের লকিং সিস্টেম বাইরে থেকে আটকে দেয়, যাতে কেউ বাইরে বেরোতে না পারে। এরপর তারা জহুর আলির মা ক্ষীরমুনি বিবির ফাঁকা ঘরের দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে।
লুটপাটের বিবরণ দিয়ে জহুর আলি জানান, দুষ্কৃতীরা প্রথমে বারান্দায় থাকা একটি এলইডি টিভি খোলার চেষ্টা করে ব্যর্থ হয়। তবে ঘরের ভিতরে থাকা আলমারি, বাক্স ও ড্রামের তালা ভেঙে প্রায় এক লক্ষ টাকা নগদ এবং একটি সোনার আংটি হাতিয়ে নেয় তারা। এছাড়াও বেশ কিছু দামী কাঁসা ও পিতলের আসবাবপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। যাওয়ার আগে তারা ঘরের সমস্ত জামাকাপড় ও প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে ছড়িয়ে-ছিটিয়ে রেখে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, রাত ১২টা নাগাদ জহুর আলি যখন বাড়ির বাইরে বাথরুমে গিয়েছিলেন, তখনও পর্যন্ত কোনও অস্বাভাবিকতা লক্ষ্য করেননি তিনি। তাই ধারণা করা হচ্ছে, মধ্যরাতের পরেই এই চুরির ঘটনাটি ঘটেছে। সোমবার সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে দেখেন যে তাদের ঘরের গ্রিল বাইরে থেকে বন্ধ। এরপর প্রতিবেশীদের ডেকে তাদের সহায়তায় বন্দি দশা থেকে মুক্ত হন এবং চুরির বিষয়টি সামনে আসে।
Murshidabad,Murshidabad,West Bengal
May 12, 2026 10:10 AM IST
Murshidabad News: ভরতপুরে দুঃসাহসিক চুরি! ঘর আটকে লণ্ডভণ্ড আলমারি, লক্ষাধিক টাকা-গয়না নিয়ে চম্পট দুষ্কৃতীদের
