Last Updated:
NEET Protest Kolkata: ছাত্র আন্দোলনের নামে কলকাতার মিছিলে বিশৃঙ্খলার অভিযোগ৷ ভাঙচুরের পাশাপাশি সাংবাদিকদের নিগ্রহের ঘটনাও ঘটে বলে অভিযোগ৷ এবার এই ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করল পুলিশ৷
কলকাতা: প্রশ্ন ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির সমর্থনে কলকাতায় মিছিল ও জমায়েতের ঘটনায় বিশৃঙ্খলার অভিযোগ৷ সাংবাদিক নিগ্রহ ভাঙচুরের ঘটনায় গ্রেফতার আরও ৩৷ ঘটনায় মোট ১৪ জনকে গ্রেফতার করা হল বলেই জানা গিয়েছে৷ শুক্রবার ধর্মতলায় অশান্তির তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
গত শুক্রবার ডোরিনা ক্রসিংয়ে বিক্ষোভকে কেন্দ্র করে কলকাতা পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে। পুলিশের অভিযোগ, AIDSO, AIDYO, CPI(M-L), DYFI, AISA, PDSF, AFSA, DSF, ISU এবং APDR-সহ একাধিক সংগঠনের নেতৃত্বে বিপুল সংখ্যক মানুষ পুলিশের কোনও অনুমতি ছাড়াই ডোরিনা ক্রসিং (জওহরলাল নেহরু রোড ও রানি রাসমণি অ্যাভিনিউ মোড়)-এ জমায়েত হন।
বিক্ষোভকারীরা পতাকা, ব্যানার ও গাড়ি নিয়ে রাস্তা দখল করে মাইক্রোফোনে বক্তব্য রাখতে শুরু করেন। পুলিশের দাবি, ওই বক্তব্যে জনতাকে উসকানি দিয়ে পুরো ডোরিনা ক্রসিং দখল করার আহ্বান জানানো হয়। পুলিশের অভিযোগ, বারবার মাইকিং করে জমায়েতকে বেআইনি ঘোষণা করা হয় এবং শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগের নির্দেশ দেওয়া হলেও তা মানা হয়নি। বরং বিক্ষোভকারীরা পুলিশ, সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এবং পথচারীদের লক্ষ্য করে জলভর্তি বোতল, জুতো, লাঠি ও পাথর ছুড়তে শুরু করেন। এতে কয়েকজন পুলিশকর্মী আহত হন বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে।
বেআইনি জমায়েত, বেআইনি জমায়েত থেকে অপরাধ সংগঠিত করা অশান্তি ছড়ানো, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়া এবং তার সাথে মারধর করা, রাস্তা অবরোধ করা, শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যে উস্কানি ও বিদ্বেষ ছড়ানো, সরকারি আদেশ অমান্য করা, একই উদ্দেশ্য নিয়ে একাধিক ব্যক্তির অপরাধ সংগঠিত করা, মূলত এই সমস্ত ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
Kolkata,West Bengal
Jul 26, 2026 10:57 AM IST
