Last Updated:
TMC rebel bloc meet: একে একে দলে যুক্ত হওয়ার পর প্রথম বৈঠক, এবং তারপর উদযাপনের নৈশভোজ হতে চলেছে আজই। সেই নৈশভোজ এক দিকে বিক্ষুব্ধ ব্রিগেডের জয়ের সেলিব্রেশনও বটে। আর তাই এলাহি ভোজের আয়োজন করা হয়েছে।
নয়াদিল্লি: আগেই প্রকাশ্যে এসেছিল ১৯ সাংসদের নাম৷ আজ, রবিবার নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে বিদ্রোহী সাংসদদের প্রধান মুখ কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন, সংখ্যাটা ২০ নয়, হবে ২২৷ তো সেই বিদ্রোহী তৃণমূল সাংসদেরা রবিবার বিকেলে বৈঠক সারলেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে৷ ছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও৷ সূত্রের খবর, এই বৈঠক শেষ করেই স্পিকার ওম বিড়লার বাসভবনে যাবেন তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা৷
কারা কারা উপস্থিত হলেন এদিনের বৈঠকে? কাকলি ঘোষ দস্তিদার তো ছিলেনই৷ ছিলেন সদ্য বিদ্রোহী শিবিরে নাম লেখানো সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, সায়নী ঘোষ, মালা রায়, বাপি হালদার এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়৷
জানা গিয়েছে, এই বৈঠক সেরেই লোকসভার স্পিকার ওম বিড়লার বাসভবনে যাবেন তৃণমূলের বিরোধী সাংসদেরা৷ প্রথমে অবশ্য শোনা যাচ্ছিল আজ নয়, সোমবার ওম বিড়ালর সঙ্গে দেখা করবেন তাঁরা৷ তবে কিছুক্ষণ আগেই এসেছে নতুন খবর৷
লোকসভায় একটি পৃথক সংসদীয় ব্লক হিসেবে স্বীকৃতি চাইছে, এই বৈঠক সেই বিদ্রোহী শিবিরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ এর আগে দিনের শুরুতে দস্তিদার দাবি করেছিলেন যে, বিদ্রোহী গোষ্ঠীর সদস্য সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে এবং তাঁরা স্বীকৃতির জন্য স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করার প্রস্তুতি নিচ্ছে।
ছাব্বিশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে তৃণমূল কংগ্রেসে কার্যত হড়পা বান চলছে যেন। ভেসে যাচ্ছে সব৷ একে একে বিদ্রোহী গোষ্ঠীতে নাম লেখাচ্ছেন একদা বিশ্বস্ত বিধায়ক এবং সাংসদেরা৷ বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ৬৪ বিধায়ক একজোট হওয়ার পরে দিল্লিতে কাকলির নেতৃত্বে একজোট হন ১৯ বিধায়ক৷ তাঁরা এনডিএ-র শরিক হতে চেয়ে প্রকাশ্যে দলীয় নেতৃত্বের বিরোধিতা করেন৷
একদিকে যখন, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে যখন বৈঠক করছেন তৃণমূল কংগ্রেসের ‘বিদ্রোহী সাংসদেরা’, ঠিক তখনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেখা চিঠি নিয়ে স্পিকার ওম বিড়লার বাসভবনে হাজির হলেন দুই তৃণমূল সাংসদ৷ চিঠিতে তৃণমূলের তরফে দাবি করা হল, ‘AITC (অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস) একটি একক ও অবিভাজ্য রাজনৈতিক দল।’ অন্যদিকে, সূত্রের খবর, ভূপেন্দ্র যাদবের বাসভবন থেকে বেরিয়ে আজই স্পিকারের কাছে উপস্থিত হয়ে আনুষ্ঠানিক ভাবে চিঠি হাতে তুলে দেবেন বিক্ষুব্ধ তৃণমূল সাংসদেরা৷
New Delhi,Delhi
