Last Updated:
TMC Susanta Ghosh: কলকাতা পুরসভার পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে, রুবি মোড় থেকে আরবানা পর্যন্ত দোকান থেকে তিন কোটি টাকা তোলাবাজির অভিযোগ, মামলার তদন্ত করবে লালবাজারের গোয়েন্দা বিভাগ।
কলকাতাঃ দোকান দেওয়ার নামে কোটি কোটি টাকা তোলা আদায়, পলাতক কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে তদন্তে নামল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। আনন্দপুর সংলগ্ন এলাকার ব্যবসায়ীদের থেকে তিন কোটি টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। জাল নথি ব্যবহার করে ফুটপাথের উপরে একের পর এক দোকান বিক্রি করেছেন সুশান্ত। কারও থেকে সাড়ে ৩ লক্ষ, কারও থেকে নিয়েছেন ৫ বা ৭ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ। শেষ কয়েকদিনে আনন্দপুর থানায় একাধিক আর্থিক প্রতারণার মামলা দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। কসবার এক ব্যক্তি শুক্রবারও একটি অভিযোগ দায়ের করেন। এরপরেই আনন্দপুর থানা থেকে মামলার তদন্ত ভার তুলে দেওয়া হয় লালবাজারের গোয়েন্দা বিভাগের হাতে।
কাউন্সিলর সুশান্ত ঘোষ ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে, রুবি মোড় থেকে বহুতল আরবানা পর্যন্ত দোকানগুলির মালিকের থেকে তিন কোটি টাকা তোলাবাজির অভিযোগ। সুশান্ত ঘোষ এই মুহূর্তে পলাতক, তাঁর ডান হাত সুজিত ওরফে বচ্চন এবং গাড়ির চালককে আনন্দপুর থানা গ্রেফতার করেছে। এই মামলার তদন্ত করবে লালবাজারের অ্যান্টি ফ্রড সেকশন।
প্রসঙ্গত, ২৭ মে কলকাতা পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সুশান্ত ঘোষ। কলকাতার পুর কমিশনার স্মিতা পাণ্ডের কাছে ইস্তফাপত্র জমা পড়ে। সুশান্তের সঙ্গে ছিলেন তৃণমূলের আর এক কাউন্সিলর অরূপ চক্রবর্তী। পুরসভার অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে ইস্তফা দেন অরূপ, পরে মেয়র ফিরহাদ হাকিমের ঘরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন দু’জনে। সুশান্ত ঘোষ ১০৮ নম্বর এবং অরূপ চক্রবর্তী ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। পুরসভার পদ থেকে ইস্তফা দিলেও কাউন্সিলর পদ তাঁরা ছাড়বেন না বলেই জানিয়েছিলেন। যদিও ইতিমধ্যেই ভেঙে গিয়েছে কলকাতা পুরসভা, এই মুহূর্তে দায়িত্ব সামলাচ্ছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে।
Kolkata,West Bengal
Jun 12, 2026 11:58 PM IST
