Last Updated:
কলকাতার আহিরীটোলা, বাগবাজার ঘাটের মতো ৬টি ঘাট এবং হাওড়ার ৮টি ঘাটে সৌন্দর্যায়নের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের বৈঠকে৷ পুজোর আগেই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷
কলকাতা: কলকাতায় চালু হচ্ছে ওয়াটার মেট্রো৷ এ দিন নবান্নে কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে বৈঠকের পর এমনই জানিয়েছেন মুখমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ তিনি জানিয়েছেন, দেশের ১৮তম শহর হিসেবে ওয়াটার মেট্রো চালু হবে কলকাতায়৷
ইতিমধ্যেই কেরলের কোচিতে চালু হয়েছে ওয়াটার মেট্রো পরিষেবা৷ গতমাসেই কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, দেশের আরও ১৮টি শহরে ওয়াটার মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার৷
কেন্দ্রীয় জাহাজন্ত্রী জানিয়েছিলেন, প্রথম পর্যায়ে শ্রীনগর, পটনা, প্রয়াগরাজ, বারাণসী এবং অযোধ্যায় ওয়াটার মেট্রো চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ তার পরের ধাপে অসমের তেজপুর এবং ডিবরুগড়ে ওয়াটার মেট্রো চালু হবে৷
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ দিন জানিয়েছেন, সমুদ্র এবং নদী কেন্দ্রিক শহরগুলিতে ওয়াটার মেট্রো পরিষেবা চালু করার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় জাহাজ মন্ত্রক৷ সেই কারণেই কলকাতায় এই পরিষেবা শুরুর অনুমতি দিয়েছেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী৷
এ দিন নবান্নে মুখ্যমন্ত্রী এবং জাহাজমন্ত্রীর বৈঠকে আরও একাধিক বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তাজপুরে গভীর সমুদ্র বন্দর নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তাজপুর থেকে ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রবাড়ে ১৭০০ একর জমিকে ঘিরে গভীর সমুদ্র বন্দর তৈরির সিদ্ধান্ত হয়েছে৷ মুখ্যমন্ত্রীর দাবি, তাজপুর প্রকল্পে রেল ও জলপথ সংযোগের অভাবে বাস্তবায়ন সম্ভব হয়নি তাই আদানি আগেই এই প্রকল্প থেকে বেরিয়ে গেছেন।নতুন স্থানের জন্য এনওসি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
সাগরদ্বীপ ও কপিলমুনি আশ্রমকে আন্তর্জাতিক মানের তীর্থক্ষেত্র ও গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের করে তোলার বিষয়টিও বৈঠকে আলোচনা হয়েছে৷
Kolkata,West Bengal
