Last Updated:
রবিবার ভোরে অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার একটি মৃদু ভূমিকম্প হয়েছে। এর প্রভাব বিশাখাপত্তনম শহরের একাধিক এলাকায় অনুভূত হয়েছে।
রবিবার ভোরে অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রায় মৃদু ভূমিকম্প হয়। এর জেরে বিশাখাপত্তনম-সহ অন্ধ্রপ্রদেশের একাধিক এলাকায় কম্পন অনুভূত হয়। কম্পন টের পেয়ে বহু বাসিন্দা বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে এখনও পর্যন্ত কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ভারতীয় জাতীয় মহাসাগরীয় তথ্য পরিষেবা কেন্দ্র (INCOIS) জানিয়েছে, রবিবার ভোর ৫টা ৫ মিনিট ৪৬ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে, কাকিনাড়া উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরে। এর অবস্থান ছিল ১৬.৮০৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৪.৩৮১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশাখাপত্তনমের বিভিন্ন এলাকায় মৃদু কম্পন অনুভূত হলেও কোথাও প্রাণহানি, সম্পত্তির ক্ষতি বা অন্য কোনও ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কম্পন হালকা হওয়ায় বাসিন্দাদের মধ্যে বড় ধরনের আতঙ্কও ছড়ায়নি বলে জানানো হয়েছে।
অন্যদিকে, একই দিনে মহারাষ্ট্রের নান্দেড়-হিঙ্গোলি সীমান্ত এলাকায় রাত ১টা ৩৭ মিনিট থেকে ৩টা ২৩ মিনিটের মধ্যে পরপর চারটি ভূমিকম্প অনুভূত হয়। প্রথম এবং সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল ৪.৪। এরপর ২টা ১৫ মিনিটে ৩.৬, ২টা ১৭ মিনিটে ৩.৯ এবং ৩টা ২৩ মিনিটে ৪.১ মাত্রার আরও তিনটি ভূমিকম্প হয়। সবকটি ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। পরপর কম্পনে আতঙ্কিত হয়ে বহু মানুষ বাড়ির বাইরে বেরিয়ে এলেও সেখানে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
Kolkata,West Bengal
Jul 12, 2026 11:38 AM IST
