কলকাতা: বিধায়ক হিসেবে শপথ গ্রহণের আগে শিয়ালদা আদালতে অভয়ার মা রত্না দেবনাথ। মেয়ের বিচারের আবেদন নিয়ে আদালতে পৌঁছলেন অভয়ার মা। তিনজনকে গ্রেফতার করতে হবে বলে দাবি জানিয়েছেন তিনি। আজই তাঁর আবেদনের শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে। মেয়ের বিচারের জন্য লড়াই চলবে বলে জানিয়েছেন। (Ratna Debnath)
বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভায় নব নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ চলছে। বিজেপি-র টিকিটে পানিহাটিতে জয়ী হওয়া রত্না বিধানসভায় যাওয়ার আগে শিয়ালদা আদালতে উপস্থিত হন। মেয়ের বিচারে লড়াই চালিয়ে যেতেই তিনি সেখানে বলে জানান তিনি। তিন সন্দেহভাজনকে গ্রেফতার করতে হবে বলে দাবি জানিয়েছেন। (RG Kar Case)
আরও পড়ুন: বেআইনিভাবে টোল আদায় নিয়ে এবার কড়া রাজ্যের নতুন সরকার, এল বড় নির্দেশ
এবিপি আনন্দের মুখোমুখি হয়ে রত্না বলেন, “আমরা কোর্টে একটা পুট আপ দিয়েছি। তাই এসেছি এখানে। তিন জন সন্দেহভাজন। সেই তালিকা দিয়েছি আমরা।” মেয়ের বিচারের জন্যই ভোটের ময়দানে পা রেখেছিলেন রত্না। এদিন বলেন, “আগে এটাই প্রায়োরিটি। মেয়ে আমার গোটা পৃথিবী ছিল। গোটা পৃথিবী অন্য দিকে গেলেও, আমার এই জায়গাটা থাকবে। মেয়ের জন্য অন্তত।” তবে কোন তিন জনকে সন্দেহ করছেন, তা খোলসা করেননি তিনি।
আর জি কর কাণ্ডের পর নয় নয় করে দু’বছর কাটতে চলেছে। আদালতে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। যদিও একা সঞ্জয়ের পক্ষে ওই ঘটনা ঘটানো সম্ভব নয় বলে দাবি নির্যাতিতার পরিবারের। আগাগোড়াই সেই দাবি করে আসছেন তাঁরা। তবে কলকাতা পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CBI-ও সঞ্জয়কেই অপরাধী বলে চিহ্নিত করেছে। আদালত যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছে সঞ্জয়কে।