সন্দীপ সরকার, কলকাতা: বিশ্বকাপের সেমিফাইনালে হার্শেল গিবস ক্যাচ ফেলায় সেই কবে স্টিভ ওয় বলেছিলেন, বিশ্বকাপটাই হাত থেকে ফেলে দিলে হে!
দক্ষিণ আফ্রিকার মতো গুজরাত টাইটান্স (KKR vs GT) ট্রফি ফেলে দেয়নি। বরং ম্যাচ জেতার সুযোগ রয়েছে। হারলেও, প্লে অফে যাওয়ার প্রবেশপথ এখনও বেশ সুগম হতে পারে শুভমন গিলদের। তবু, গুজরাত টাইটান্সের ফিল্ডারদের সৌজন্যে ক্যাচ নষ্টের রাত ইডেনে।
ফিন অ্যালেন জীবন পেলেন। একবার নয়, দুবার। একবার ১৪ রানে থাকার সময়। আর একবার ৩৩ রানের মাথায়। প্রথমবার ফেললেন জেসন হোল্ডার। মহম্মদ সিরাজের বলে। পরেরবার রিটার্ন গিফট যেন। এবার সিরাজ ফেললেন হোল্ডারের বলে।
ব্যক্তিগত ২৩ রানে থাকা ক্যামেরন গ্রিনের লোপ্পা ক্যাচ ফেললেন আর্শাদ খান। রশিদ খানের বলে। ৫২ রানে থাকার সময় অঙ্গকৃষ রঘুবংশীর ক্যাচ ফেললেন ওয়াশিংটন সুন্দর। হতভাগ্য বোলার এবার কাগিসো রাবাডা।
চার ক্যাচ পড়ার সুবর্ণ সুযোগ পুরোপুরি কাজে লাগাল কলকাতা নাইট রাইডার্স। ইডেনে মরণ-বাঁচন পরিস্থিতিতে প্রথমে ব্যাট করে তুলল ২৪৭/২। রেকর্ডের পর রেকর্ড তৈরি হল। আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে এটাই কোনও দলের সর্বোচ্চ স্কোর।
Innings Break! #KKR put on a batting show to post 247/2 🫡
Will #GT chase down this total?
Scorecard ▶️ https://t.co/m8jevRTt29#TATAIPL | #KhelBindaas | #KKRvGT pic.twitter.com/f0X0blcaCA
— IndianPremierLeague (@IPL) May 16, 2026
ইডেনে আছড়ে পড়ল ফিন অ্যালেন ঝড়। এই মাঠের সঙ্গে যেন মধুর স্মৃতি তৈরি হচ্ছে তাঁর। টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ৩৩ বলে ১০০ রানের ঝড় এখনও লোকের মুখে মুখে ফেরে। শনিবার দুবার জীবন পেয়ে ৩৫ বলে ৯৩ রান করলেন। চারটি চার মারলেন। ছক্কার সংখ্যা? দশ!
আরও পড়ুন: এশিয়া কাপের ট্রফি নিয়ে চম্পট দিয়েছিলেন, আইপিএল ফাইনালে আমন্ত্রিত সেই মহসিন নকভি!
৪৪ বলে ৮২ রানে অপরাজিত রইলেন অঙ্গকৃষ রঘুবংশী। আইপিএলে তাঁর সর্বোচ্চ স্কোর। চারটি চার ও সাতটি ছক্কা মারলেন। ২৮ বলে ৫২ রান করে অপরাজিত রইলেন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার ক্যামেরন গ্রিন।
আইপিএলে এটা কেকেআরের তৃতীয় সর্বোচ্চ স্কোর। সাত বছর পর ফের কোনও ম্যাচে কেকেআরের তিন ব্যাটার একসঙ্গে হাফসেঞ্চুরি করলেন।
আরও পড়ুন: তারকাপ্রথা বিসর্জন দিতে চান গম্ভীর, সায় নেই দ্রাবিড়ের! ভারতীয় দলের কোচের প্রতি বড় বার্তা?