Last Updated:
Anik Dutta Last Rites: কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হল পরিচালক অনীক দত্তের শেষকৃত্য। দুপুর প্রায় একটা নাগাদ শববাহী গাড়ি পৌঁছয় কেওড়াতলায়। সেখানে পরিবারের সদস্য, সহকর্মী এবং ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে সম্পন্ন হয় শেষকৃত্য
কলকাতা: ভারাক্রান্ত শুক্রবার! প্রথমে নন্দন, সেখান থেকে টালিগঞ্জের এনটিওয়ান স্টুডিও হয়ে কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছল পরিচালক অনীক দত্তর মরদেহ। নন্দনে অনীককে শেষ শ্রদ্ধা জানাতে হাজির সাধারণ জনতা থেকে তারকা। এনটিওয়ান-এর তিন নম্বর স্টুডিওয়ে পরিচালককে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত শতরূপ ঘোষ থেকে রূপা গঙ্গোপাধ্যায়।
গানে গানে পরিচালককে বিদায়। এনটিওয়ান স্টুডিওতে বাজল দেবব্রত বিশ্বাসের গান ‘আছে দুঃখ, আছে মৃত্যু’। গলা মেলালেন উপস্থিত সকলেই। বাবার নিথর দেহের পাশে বসে রবীন্দ্রসঙ্গীত গাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন ঐশী। পরিচালককে শ্রদ্ধা জানাতে তাঁর প্রিয় রবীন্দ্রসঙ্গীত ‘আগুনের পরশমণি’ গাইলেন গৌতম ঘোষ, ঊষসী চক্রবর্তীরাও। অনীকের প্রয়াণে আফসোস বাম নেতা বিমানের কণ্ঠে। তিনি বলেন, ”‘এই সমাজকে যা দিতে পারতেন, তার চেয়ে খুব কমই দিতে পেরেছেন।’’
কেওড়াতলায় অনীকের অন্ত্যেষ্টিক্রিয়া। টলিউডের বন্ধু-সহকর্মী, পরিবার ও ঘনিষ্ঠদের মাঝে রীতি মেনে বাবার শেষকৃত্য সারলেন কন্যা ঐশী দত্ত। পাশেই ছিলেন অনীকের প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত। অনীক-কন্যার সঙ্গে ছিলেন অগ্নিমিত্রা পাল, সৌরভ দাস, লগ্নজিতা চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মৈত্র, চূর্ণী গঙ্গোপাধ্যায়-সহ অনেকে। হাতে রজনীগন্ধার মালা, পরিচালককে শেষ শ্রদ্ধা জানালেন জিৎ। চোখের জল ধরে রাখতে পারলেন না সুদীপ্তা চক্রবর্তী, লগ্নজিতা চক্রবর্তী। পরিচালকের মাথার কাছে বসে কেঁদে ফেললেন চৈতালি দাশগুপ্ত। এনটিওয়ান স্টুডিয়োয় প্রয়াত অনীককে একসঙ্গে মালা দিলেন সৃজিত মুখোপাধ্যায় এবং হরনাথ চক্রবর্তী ।
অনীক দত্তের ছবির প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে সমস্যা চর্চিত ছিল বরাবর। পরিচালকের প্রয়াণের পর সেই জট কাটার ইঙ্গিত মিলল। শুক্রবার নারী ও শিশুকল্যাণ এবং সমাজকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ‘‘চার জন প্রতিনিধি আছেন আমাদের। হিরণ, পাপিয়া অধিকারী, রুদ্রনীল,রূপা গঙ্গোপাধ্যায়। এঁরা মিলে আলোচনা করে নন্দনে অনীক দত্তের সব সিনেমা দেখানো হবে।’’ এই প্রসঙ্গে অনীকের স্ত্রী সন্ধি দত্ত বলেন, ‘‘নন্দনে অনীকবাবুর ছবি দেখানো হবে, এটা অত্যন্ত ভাল৷’’ পরিচালক-কন্যা ঐশীর দাবি, শুধু নন্দন কেন, সব জায়গায় দেখানো হোক তাঁর বাবার পরিচালিত ছবি৷
Kolkata,West Bengal
