অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি সব জেলাতেই। বুধবার থেকে বৃষ্টি কমবে। উত্তরবঙ্গে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির হলুদ সতর্কতা। আগামীকাল মঙ্গলবার থেকে শুরু ভারী বৃষ্টি। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা চলবে শনিবার পর্যন্ত।
আরও পড়ুন, রাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা NCPI-এর সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, কী কথা হল
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ, আজ সকালে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আজ দুপুর থেকে বিকেলের মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করবে। ওড়িশার বালাসোর থেকে বাংলার ক্যানিংয়ের মধ্যবর্তী এলাকা দিয়ে একটি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয়। রাজস্থানের নিম্নচাপ এলাকা থেকে জামশেদপুরের ওপর দিয়ে ওড়িশা এবং বাংলার অতি গভীর নিম্নচাপের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
আইএমডি সূত্রে খবর, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশা সংলগ্ন উত্তর পশ্চিমবঙ্গোসাগরে গভীর নিম্নচাপের অবস্থানের জেরে, মৎস্যজীবীদের ২৮ শেষ জুলাই মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দফায় দফায় হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতেই। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। মঙ্গলবার থেকে বৃষ্টি কমবে।
আজ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে। দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূল সংলগ্ন এলাকাতে বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস থাকবে। বুধবার থেকে শনিবার পর্যন্ত আপাতত ঝড় বৃষ্টির কোন সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে।
উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে উপরের দিকের জেলাগুলিতে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা চলবে শনিবার পর্যন্ত। আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। উপরের দিকের জেলাগুলিতে শুধু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আগামীকাল মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা।
কলকাতায় দু-এক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। বৃষ্টি না হলে অস্বস্তি বাড়বে। আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইবে। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯৬ শতাংশ। বৃষ্টিপাত হয়েছে ১.৭ মিলিমিটার।