Last Updated:
Students Mysterious Death: কলকাতার বাগুইআটির একটি স্কুলের ভিতরে দশম শ্রেণির এক ছাত্রের রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে এই অস্বাভাবিক মৃত্যু ঘটল, কী বলছে পুলিশ, স্কুল কর্তৃপক্ষের প্রতিক্রিয়া, তদন্তের অগ্রগতি এবং ঘটনার সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট জানুন…
কলকাতা, রুদ্র নারায়ণ রায়: স্কুলের টিফিন টাইমে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু। বাগুইআটির চিত্তরঞ্জন কলোনি হিন্দু বিদ্যাপীঠ স্কুলে ঘটনাটি ঘটে। টিফিনের সময় এক দশম শ্রেণির ছাত্র মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম মহম্মদ রায়হান (১৫), নিউটাউনের ঘুনির-এর বাসিন্দা।
স্কুল সূত্রে জানা গিয়েছে, সোমবার টিফিনের সময় টিফিনবক্স বের করে খাবার খেতে বসেছিল রায়হান। রুটি মুখে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আচমকা মাটিতে লুটিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে শিক্ষক ও সহপাঠীরা তাঁকে উদ্ধার করে দেশবন্ধুনগর হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, প্রথমে স্কুল কর্তৃপক্ষ ফোন করে জানায় রায়হান পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। পরে জানান হয়, টিফিন খাওয়ার সময় তার গলায় খাবার আটকে গিয়েছিল। তবে ঠিক কী কারণে ওই ছাত্রের মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
যদিও মৃত ছাত্রের বাবার অভিযোগ, স্কুলের চার-পাঁচজন ছাত্র দীর্ঘদিন ধরে ছেলেকে মারধর করত। গত সপ্তাহেই সেই বিষয়ে গার্ডিয়ান মিটিংয়ে তাঁকে ডাকা হয়েছিল। সেই অভিযোগের সঙ্গেও এই ঘটনার কোনও যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে পরিবার। ঘটনার তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিশ। স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
Kolkata,West Bengal
Jul 27, 2026 10:50 PM IST
