Last Updated:
Arjun Singh: গত ১ জুন শপথ নিয়েছিলেন রাজ্যের ৩৫ জন মন্ত্রী৷ তাঁদের মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন ১৩ জন৷ স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে শপথ নেন ৩ জন বিজেপি বিধায়ক৷ ১৯ জন বিধায়ক শপথ নেন প্রতিমন্ত্রী হিসেবে৷
কলকাতা: রাজ্যের পরিবহন দফতরের দায়িত্ব দেওয়া হল নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং-কে৷ প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্রের সঙ্গে যার অম্ল-মধুর রাজনৈতিক সম্পর্ক৷ দায়িত্ব পেয়ে কী বললেন অর্জুন৷ মন্ত্রী হিসাবে কী হবে তাঁর প্রথম প্রায়োরিটি? অর্জুন সিং বলেন, ‘‘প্রথম প্রায়োরিটি বাসের সংখ্যা। অনেকেই বলেছেন বাসের সংখ্যা কম ,বাস পাওয়া যায় না। ইলেকট্রিক বাসের জন্য প্রায়োরিটি দিতে হবে।’’
প্রাক্তন বাম পরিবহনমন্ত্রী সুভাষ চক্রবর্তীকে কী প্রশ্ন করেছিলেন অর্জুন, এদিন পরবহন দফতরের দায়িত্ব পেয়ে মনে করলেন সেই কথা৷ অর্জুন বলেন, ‘‘সুভাষ চক্রবর্তী যখন পরিবহনমন্ত্রী ছিলেন আমি কিছু প্রশ্ন করেছিলাম। এখন সেই দফতরে এসে দেখব সেই বিষয়গুলো জানব। ফাইল খুঁজে পেলে পরে জানাব।’’
এরপরে মমতা-অভিষেকের বিরুদ্ধে তোপ দাগেন অর্জুন৷ বলেন, ‘‘বিভিন্ন ডিপোর জমি বেঁচে দিয়েছে পিসি ভাইপো। শ্রম দফতরটাও দীর্ঘদিন ধরে অবহেলিত। আমি শ্রমিক ইউনিয়ন করে এসেছি। বিষয়টা কেউ বুঝতেই পারত না এতদিন। অনেক কাজ করার স্কোপ রয়েছে।’’
তিনি বলেন, ‘‘সরকারি বাসের চালক শ্রমিক থেকে শুরু করে সমস্যা অনেক রয়েছে তেল চুরি হয়ে যায় বাস চলে না। সব সমস্যাগুলিকেই দেখতে হবে। দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করব। একে একে সব সমস্যাগুলো দেখতে হবে।’’
অর্জুন সিং-এর কথায়, ‘‘সবথেকে বেশি অভিযোগ আসে রাস্তায় সরকারি বাসের দেখা পাওয়া যায় না। প্রচারে গিয়েও এই সমস্যা শুনতে হয়েছে। মহিলাদের ফ্রিতে বাস যাতায়াত একটা সরকারি সিদ্ধান্ত। খুব ভাল প্রজেক্ট।’’
মন্ত্রিত্ব দেওয়া নিয়ে তলের অন্দরে সমস্যা হওয়ায় ২০১৯ সালে অর্জুন তৃণমূল ছেড়ে বিজেপিতে যান৷ ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করে পদ্ম শিবির। সেই সঙ্গে ইস্তফা দেন ভাটপাড়ার বিধায়ক পদ থেকে। ২০১৯ সালে ভাটপাড়ার উপনির্বাচনে অর্জুনপুত্র তথা বিজেপি প্রার্থী পবন সিংহের সঙ্গে তৃণমূল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন মদন। ২১ হাজার ভোটে পবনের কাছে পরাজিত হন মদন। সেই থেকেই বন্ধুত্ব বদলে যায় শত্রুতায়। পরাজিত হওয়ার পর ফেসবুক লাইভে অর্জুনকে খোলা লড়াইয়ের চ্যালেঞ্জও ছুড়েছিলেন মদন।
কিন্তু, তারপর ফের ২০২২ সালে তৃণমূলে ফেরেন অর্জুন৷ ফেরে মদন-অর্জুন সৌজন্য৷ তারপরে ২০২৪ সালে সাংসদ পদের টিকিট না পেয়ে ফের তৃণমূল ছেড়ে বিজেপিতে ফেরেন অর্জুন৷ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে নোয়াপাড়া থেকে বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হন তিনি৷ তারপরে এমন গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব৷
