নয়াদিল্লি: আম আদমি পার্টি ছেড়ে হঠাৎ বিজেপি-তে যোগদান কেন? এখনও পর্যন্ত সেই রহস্যের কিনারা হয়নি পুরোপুরি। সেই আবহেই রাঘব চাড্ডাকে নিয়ে নয়া তথ্য সামনে এল। শ্য়ালিকা প্রিয়ঙ্কা চোপড়া জোনাসের মধ্যস্থতাতেই রাঘব বিজেপি-তে যোগ দিয়েছেন বলে দাবি সামনে এল। (Raghav Chadha News)
পঞ্জাবের প্রাক্তন বিধায়ক, বিজেপি ও কংগ্রেসত্যাগী, নভজ্যোত কৌর সিধু এই দাবি করেছেন। পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি নভজ্যোত সিংহ সিধুর স্ত্রী নভজ্যোত কৌর। তাঁর দাবি, রাঘবের বিজেপি-তে যোগদানের নেপথ্যে বড় ভূমিকা রয়েছে প্রিয়ঙ্কার। (Priyanka Chopra Jonas News)
আরও পড়ুন: ভবানীপুরে মুখোমুখি মমতা-শুভেন্দু, বিজেপি প্রার্থী বললেন, ‘ওকে একটা ভোটও দিচ্ছে না কেউ’
নভজ্যোতের দাবি, রাঘব যে এত বড় পদক্ষেপ করেছেন, তার নেপথ্যে রয়েছেন প্রিয়ঙ্কা। আম আদমি পার্টিতে রাঘবের অবস্থা টালমাটাল, ED-ও তাঁর বিরুদ্ধে তদন্তে নামতে পারে বলে আশঙ্কা দেখা দেয়। তুতো দিদি প্রিয়ঙ্কাকে সেকথা জানান রাঘবের স্ত্রী পরিণীতি চোপড়া। এর পর প্রিয়ঙ্কাই মধ্যস্থতা করেন।
একটি সাক্ষাৎকারে এই দাবি করেছেন নভজ্যোত কৌর। তাঁর দাবি, রাঘবকে দল থেকে বহিষ্কার করাতে হবে বলে জানিয়েছিলেন পরিণীতি। এর পরই নিজের ‘কানেকশন’ কাজে লাগান। বিজেপি-র শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেন। রাঘব যাতে বিজেপি-তে যেতে পারেন, সেই ব্যবস্থা করেন।
আরও পড়ুন: বহুতল আবাসনে বিধ্বংসী আগুন, লেলিহান শিখা গ্রাস করে নিল ১০-১২টি ফ্ল্যাট, ভিডিও ভাইরাল
তবে নভজ্যোত কৌর এমন দাবি করলেও, রাঘব, পরিণীতি বা প্রিয়ঙ্কা এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। বরং এযাবৎ আম আদমি পার্টি ছাড়া যে কয়েকটি কারণ তুলে ধরেছেন রাঘব, তাতে দলের অন্দরে ‘টক্সিক’ পরিবেশ, আবগারি দুর্নীতি মামলার উল্লেখ করেছেন তিনি। তবে নেপথ্যে আরও কিছু কারণ থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
রাঘব বিজেপি-তে যেতে পারেন বলে জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরেই। সব জল্পনা সত্য করে গেরুয়া শিবিরেই যোগ দিয়েছেন তিনি। আর তার পর থেকেই সর্বত্র সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। এমনকি আবগারি দুর্নীতি মামলার উল্লেখও করছেন অনেকে। ওই মামলার চার্জশিটে নাম ছিল রাঘবের। তবে অভিযুক্ত বা সন্দেহভাজন বলে উল্লেখ ছিল না তাঁর। আগামী দিনে পঞ্জাবে বিধানসভা নির্বাচনে তিনি গুরুদায়িত্ব পেতে পারেন বলে শোনা যাচ্ছে এখন।