Last Updated:
দক্ষিণ ২৪ পরগনা ডিপিএসসি-র মাধ্যমে পুরনো ও অকেজো কম্পিউটার বিতরণের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের আবেদন জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। সোশ্যাল মিডিয়ায় ছবি ও নথি প্রকাশ করে তিনি গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।
কলকাতাঃ দক্ষিণ ২৪ পরগনা ডিপিএসসি-কে ঘিরে দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর কাছে তদন্তের আবেদন জানালেন সরকারি কর্মচারীদের ডিএ (DA) আন্দোলনের অন্যতম মুখ এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।
নিজের সোশ্যাল মিডিয়ায় ভাস্কর ঘোষ দাবি করেছেন, দক্ষিণ ২৪ পরগনা ডিপিএসসির নোটিফিকেশন অনুযায়ী ২০২৪ সালের ১৪ মার্চ ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবন থেকে ডায়মন্ড হারবার লোকসভার একাধিক স্কুলে কম্পিউটার বিতরণ করা হয়। তাঁর অভিযোগ, ৪ মার্চের আগে ডিপিএসসি ও তৃণমূলের ঘনিষ্ঠতা এতটাই ছিল যে, শিক্ষাদপ্তর নাকি এমপি ল্যাডের টাকায় কেনা কম্পিউটারগুলি বিতরণ করা হয়েছিল। তবে কম্পিউটারগুলি হাতে পাওয়ার পর দেখা যায়, সেগুলি পুরনো এবং ব্যবহৃত।

ভাস্কর ঘোষ আরও দাবি করেছেন, কম্পিউটার বিতরণের জন্য দক্ষিণ ২৪ পরগনা ডিপিএসসি আয়োজিত ওই অনুষ্ঠানে তৃণমূলের শিক্ষক সংগঠনের নবনির্বাচিত রাজ্য সভাপতিকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁর বক্তব্য, অনুষ্ঠানে জেলার শিক্ষাপ্রশাসনের সঙ্গে যুক্ত প্রায় সমস্ত আধিকারিক উপস্থিত ছিলেন।
সোশ্যাল মিডিয়া পোস্টে ওই অনুষ্ঠানের ছবি এবং কিছু নথিও প্রকাশ করেছেন ভাস্কর ঘোষ। তাঁর অভিযোগ, বিতরণ করা কম্পিউটারগুলি ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে একটি ভোটকুশলী সংস্থার ব্যবহৃত কম্পিউটার বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেছেন, স্কুলে নিয়ে যাওয়ার পর দেখা যায় বেশিরভাগ কম্পিউটারই অকেজো ছিল অথবা স্কুল কর্তৃপক্ষ সারাই করার পর কোনওরকমে চালু করতে পেরেছে।
এই ঘটনায় কম্পিউটার বিতরণের নামে ডিপিএসসির অনুষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে এবং পুরনো ও অকেজো কম্পিউটার বিতরণের বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন বলেও দাবি করেছেন ভাস্কর ঘোষ।
তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, এই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে সংশ্লিষ্ট র্যাকেটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে বিষয়টি নিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদনও জানিয়েছেন তিনি।
Kolkata,West Bengal
