Last Updated:
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় জাল ডাক্তারি শংসাপত্র ব্যবহারের অভিযোগ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, ভুয়ো নথি তৈরিতে সহযোগিতা করলে চিকিৎসকদেরও সতর্ক থাকতে হবে।
কলকাতাঃ মঙ্গলবার সকালে কলকাতার ইকোপার্কে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে মন্তব্য করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। এদিনের এনডিএ বৈঠকে এনসিপি (অজিত পাওয়ার শিবির)-এর যোগদানকে স্বাগত জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের কর্মসূচিকে যদি আরও রাজনৈতিক দল সমর্থন করে, তাহলে দেশের মানুষেরই উপকার হবে। তাঁর দাবি, ভবিষ্যতে আরও রাজনৈতিক দল এনডিএ-র পাশে দাঁড়াবে।
মৌলালিতে এসএফআইয়ের মিছিলের ভাইরাল ছবি নিয়ে ফ্যাক্ট-চেক প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, যাঁরা ভুয়ো বা বিভ্রান্তিকর ছবি ছড়িয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। একইসঙ্গে সিজেপির ডাকা আন্দোলন প্রসঙ্গে তাঁর বক্তব্য, আন্দোলন করার অধিকার সকলের থাকলেও তার পিছনে যুক্তি থাকা প্রয়োজন। বিভিন্ন রাজ্যে প্রশ্নফাঁস হলেও সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ওঠেনি, অথচ পশ্চিমবঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে আন্দোলন করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নবান্নে সিন্ডিকেট রাজ ও সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য নতুন কন্ট্রোল রুম চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে দিলীপ ঘোষ বলেন, অনেক ক্ষেত্রে মানুষ সমস্যায় পড়লেও পুলিশ অভিযোগ নেয় না। তাই কোথায় কী সমস্যা হচ্ছে, সেই তথ্য সরাসরি সরকারের কাছেও পৌঁছানো জরুরি। তিনি জানান, বিভিন্ন দফতরের মতো পঞ্চায়েত দফতরেও নতুন টোল-ফ্রি নম্বর চালু করা হচ্ছে। কোথাও কাজ না হলে বা কোনও অভিযোগ থাকলে মানুষ সেই নম্বরে জানাতে পারবেন। তাঁর কথায়, সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে যাতে কোনও বাধা না আসে, সেই লক্ষ্যেই সরকার এই ব্যবস্থা নিচ্ছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রার জন্য জাল ডাক্তারি শংসাপত্র ব্যবহারের অভিযোগ নিয়েও প্রতিক্রিয়া দেন বিজেপি নেতা। দিলীপ ঘোষ বলেন, “অপরাধ থেকে বাঁচার জন্য যদি কেউ ভুয়ো নথির আশ্রয় নেন, আর তাতে কোনও চিকিৎসক সহযোগিতা করেন, তবে তাঁদের সতর্ক থাকা উচিত। কেউ ভয়ে বা অন্য কোনও পরিস্থিতিতে এমন কাজ করে থাকলেও অন্যায় করলে শাস্তি পেতেই হবে। তদন্তে সব সত্য সামনে আসবে।”
Kolkata,West Bengal
