Last Updated:
Malda Mango: গুণগত মান বজায় রেখে দেশের যেকোনও প্রান্তের ভোজনরসিকদের কাছে উত্তরবঙ্গের ফল পৌঁছে দিতে নতুন পোর্টাল চালু করল প্রশাসন। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে কীভাবে উপকৃত হবেন প্রান্তিক বাগানের মালিকরা, রইল তার সুলুকসন্ধান।
মালদহ, জিএম মোমিন: মালদহের বিখ্যাত আমকে দেশ-বিদেশের বাজারে আরও জনপ্রিয় করে তুলতে বড় উদ্যোগ নিল জেলা প্রশাসন। আম চাষি, ব্যবসায়ী, রফতানিকারক এবং সরকারি কৃষি সংস্থাগুলিকে এক ছাতার তলায় এনে তৈরি করা হয়েছে ‘আমার মালদা’ নামে একটি বিশেষ প্ল্যাটফর্ম। এই উদ্যোগের মাধ্যমে মালদহের আমকে নিজস্ব ব্র্যান্ড পরিচয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ‘আমার মালদা’ প্ল্যাটফর্মের মাধ্যমে জেলার আমকে বিভিন্ন নামী ই-কমার্স ও অনলাইন বিপণন সংস্থার সঙ্গে যুক্ত করা হবে। ফলে দেশের পাশাপাশি বিদেশের ক্রেতারাও অনলাইনে সহজেই মালদহের আম অর্ডার করতে পারবেন। এর ফলে আম চাষি ও ব্যবসায়ীরা যেমন বৃহত্তর বাজারের সুযোগ পাবেন, তেমনই ক্রেতারাও নির্ভরযোগ্যভাবে উন্নতমানের আম সংগ্রহ করতে পারবেন।
জেলাশাসক রাজনবীর সিং কাপুর বলেন, “মালদহে বিপুল পরিমাণে আম উৎপাদন হয়। এতদিন বিভিন্ন ব্যক্তি বা সংস্থা আলাদাভাবে বাণিজ্যিকীকরণ করলেও এবার একক প্ল্যাটফর্মের মাধ্যমে সকলকে যুক্ত করা হচ্ছে। নিজস্ব ব্র্যান্ড ও আধুনিক বিপণন ব্যবস্থার মাধ্যমে মালদহের আম আন্তর্জাতিক বাজারে আরও স্বীকৃতি পাবে।” মালদহ ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। অনলাইন প্ল্যাটফর্ম চালু হলে বিশ্বের যে কোনও প্রান্তে মালদহের আম পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে চাষি, ব্যবসায়ী ও ক্রেতা সকলেই উপকৃত হবেন।”
Maldah,West Bengal