Last Updated:
যাত্রীদের চাহিদা অত্যন্ত বেশি থাকায়, চলতি মাসেও ডিএইচআর-এর এই গতিধারা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। বর্তমান বুকিং ট্রেন্ড ও ট্র্যাফিক প্যাটার্ন অনুযায়ী, জুন ২০২৬-এ রাজস্ব আয় ৩৭০ লক্ষ টাকা থেকে অধিক হবে বলে অনুমান করা হয়েছে। এর ফলে এটি রেলওয়ের ইতিহাসে সর্বোচ্চ রাজস্ব আয়কারী জুন মাসগুলির মধ্যে একটি হয়ে উঠবে।
আবীর ঘোষাল, কলকাতা: উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের আওতাধীন ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী মাউন্টেইন রেলওয়ে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর) চালু হওয়ার পর থেকে এক মাসে সর্বোচ্চ রাজস্ব আয়ের রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করেছে। মে ২০২৬-এ, ডিএইচআর ৩৯৫.৬০ লক্ষ টাকার অভূতপূর্ব আয় করেছে, যা মে ২০২৫-এর অর্জিত ৩৫৮.৬০ লক্ষ টাকার পূর্ববর্তী রেকর্ড থেকে অধিক। এই সাফল্যটি দেশ-বিদেশের পর্যটক ও রেলওয়ে অনুরাগীদের মধ্যে ঐতিহ্যবাহী রেলওয়ের ক্রমবর্ধমান জনপ্রিয়তাকে প্রতিফলিত করে।
পর্যটনের ভরা মরশুমে যাত্রীদের ব্যাপক আগমনের ফলে রেকর্ড-ভাঙা আয় হয়েছে, বিশেষ করে দার্জিলিংয়ের মনোরম পাহাড় দিয়ে চলাচলকারী ঐতিহ্যবাহী ‘জয় রাইড’ ও নিয়মিত যাত্রীবাহী পরিষেবাগুলিতে ভাল সংখ্যক যাত্রী দেখা গিয়েছে। বর্ধিত চাহিদা, বিশ্বখ্যাত ন্যারো-গেজ রেলওয়ের ক্রমবর্ধমান আকর্ষণ এবং যাত্রীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও ঐতিহ্যবাহী পর্যটনের প্রসারে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রচেষ্টার সাফল্যকেই তুলে ধরে।
গত পাঁচ বছরের রেভিনিউ ট্রেন্ড ডিএইচআর-এর উৎসাহপূর্বক প্রবৃদ্ধিকে তুলে ধরে। মে মাসে অর্জিত রাজস্বের পরিমাণ ২০২২-এ ৩১৯.৬৪ লক্ষ টাকা, ২০২৩-এ ৩৫৮.১৮ লক্ষ টাকা, ২০২৪-এ ২৮৮.৫৮ লক্ষ টাকা, ২০২৫-এ ৩৫৮.৬০ লক্ষ টাকা এবং ২০২৬-অ রেকর্ড ৩৯৫.৬০ লক্ষ টাকা।
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, ‘‘এই ঐতিহাসিক সাফল্য ভারতের অন্যতম বিখ্যাত ঐতিহ্যবাহী আকর্ষণ হিসেবে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের বর্ধিত লোকপ্রিয়তাকে তুলে ধরে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সেবার মান, সুরক্ষা মানদণ্ড এবং পর্যটকদের অভিজ্ঞতাকে ক্রমাগত উন্নততর করে, ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী এই রেলওয়ের অনন্য ঐতিহ্য সংরক্ষণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। রাজস্ব আয়ের এই বলিষ্ঠ ফলাফল দার্জিলিং অঞ্চলের পর্যটন প্রসারে এবং অর্থনৈতিক উন্নয়নে ডিএইচআর-এর গুরুত্বপূর্ণ ভূমিকাও প্রতিফলিত করে।’’
Kolkata,West Bengal
