Last Updated:
Mamata Banerjee: স্ট্রং রুম পরিদর্শনে গেলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ শাখাওয়াত মেমোরিয়ালে গেলেন তৃণমূলনেত্রী৷
কলকাতা: স্ট্রং রুম পরিদর্শনে গেলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়৷ শাখাওয়াত মেমোরিয়ালে গেলেন তৃণমূলনেত্রী৷ স্ট্রং-রুমে কারচুপির আশঙ্কা৷ তৃণমূলের অন্য দুই প্রার্থী কুণাল ঘোষ এবং শশী পাঁজা বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের বাইরে অবস্থানে বসেছেন। মমতা আগেই জানিয়েছিলেন দরকার হলে তিনিও পথে নামবেন৷ গণনার আগেই বৃহস্পতিবার স্ট্রং রুম পাহারায় তৃণমূলনেত্রী৷
শাখাওয়াত মেমোরিয়ালে দেড় ঘণ্টারও বেশি সময় বসে আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শাখাওয়াত মেমোরিয়ালের বাইরে তৃণমূল কংগ্রেসের প্রচার ভ্যান কেন দাঁড়িয়ে আছে? পুলিশ কেন সেটাকে ঢুকতে দিল এই অভিযোগ তুলে এবার বিক্ষোভ শুরু করল বিজেপি৷
শ্যামপুকুর ও বেলেঘাটা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী শশী পাঁজা এবং কুণাল ঘোষ অভিযোগ তুলেছেন যে, সংশ্লিষ্ট রাজনৈতিক দলের প্রতিনিধিদের অনুপস্থিতিতেই বিজেপি এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা ইভিএম খোলার চেষ্টা করছেন। নির্বাচনের ফল ঘোষণার আগেই বড়সড় কারচুপির আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
কুণাল ঘোষ সরাসরি নির্বাচন কমিশনের নজরদারি ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি দাবি করেন, লাইভ স্ট্রিমিং ও সিসিটিভি ক্যামেরায় দেখা যাচ্ছে যে স্ট্রং রুমের ভেতরে কিছু মানুষ কাজ করছেন, অথচ সেখানে তৃণমূলের কোনো প্রতিনিধি নেই। এমনকি তাঁদের ভেতরে ঢুকতেও বাধা দেওয়া হচ্ছে। তাঁর প্রশ্ন, যাদের পরিচয় স্পষ্ট নয়, তাঁরা কার অনুমতিতে সেখানে প্রবেশাধিকার পেলেন এবং কেন তাঁদের উপস্থিতিতে কাজ চলছে? তাঁরা আমাদের অন্য প্রার্থীদের সঙ্গে কথা বলতে বলছেন। আমরা কেন অন্য প্রার্থীদের দায়িত্ব নেব?
অন্যদিকে, শশী পাঁজা অভিযোগ করেছেন যে স্ট্রং রুম খোলার সময় কোনো নিয়ম মানা হয়নি। নিয়ম অনুযায়ী সমস্ত দলের প্রতিনিধিদের উপস্থিতি বাধ্যতামূলক হলেও, তাঁদের কাউকেই আগে জানানো বা ফোন করা হয়নি। এখন তাঁদের আটকে রেখে অন্য প্রার্থীদের আসার অজুহাত দেওয়া হচ্ছে বলে তিনি সরব হয়েছেন। তিনি মনে করেন, পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে এবং এখানে কোনো গোপন কারচুপি হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।
Kolkata,West Bengal
Apr 30, 2026 10:23 PM IST
