Last Updated:
Rainfall alert: কলকাতা-সহ রাজ্যের বেশ কিছু জেলায় ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা বলল আবহাওয়া দফতর। এই পর্যন্ত কলকাতার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বেলগাছিয়াতে।
কলকাতা: কলকাতায় ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের ছয় জেলায় ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুই থেকে তিন ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় এবং বৃষ্টির সতর্কতা রয়েছে। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে।
দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝড় ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে বলে জানা গিয়েছে।
তবে কলকাতায় এই পর্যন্ত বিপুল বৃষ্টি হয়েছে, বিকেলের বৃষ্টিতে অনেক জায়গাতেই জল জমে গিয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বেলগাছিয়ায়, সেখানে ৯৬ মিমি বৃষ্টি হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও মানিকতলা ৬৩, বীরপাড়া ৬৩, বেলগাছিয়া ৯৬, ধাপা ৩৯, উল্টোডাঙ্গা ৭০, ঠনঠনিয়া ৩৮, কামডহরী গড়িয়া ২৩, দত্ত বাগান ৬৮, চিংড়িহাটায় ৪২ মিমি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দফতর বুধবার সকালে জানিয়েছিল পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা, হুগলিতে হালকা বৃষ্টির পাশাপাশি ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। ওই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে অস্বস্তিকর গরমের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের ৭ জেলায় ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে আগামী কয়েক দিনের মধ্যে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়ায় বুধবার বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড় হতে পারে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে আগামী রবিবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলবে।
Kolkata,West Bengal
